সিলেট টেস্ট
হৃদয়ের ব্যাটে দেড়শ, বড় সংগ্রহের স্বপ্ন দেখছে বাংলাদেশ
দলের কঠিন সময়ে একাই লড়াই চালিয়ে যাচ্ছেন তাওহীদ হৃদয়। তার ব্যাটে ভর করেই বড় সংগ্রহের স্বপ্ন দেখছে বাংলাদেশ। একের পর এক উইকেট হারিয়ে যখন চাপে স্বাগতিকরা, তখন ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তুলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ব্যক্তিগত ইনিংসকে দেড়শো ছাড়িয়ে নিয়ে গিয়ে দলকে শুধু বিপর্যয় থেকেই সামাল দিচ্ছেন না, দেখাচ্ছেন বড় সংগ্রহের আশাও।
আজ শনিবার (৭ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮৪ ওভারে ৭ উইকেটে ২৭৪ রান। তাওহীদ হৃদয় অপরাজিত আছেন ১৫৪ রানে, অন্য প্রান্তে তাইজুল ইসলামের সংগ্রহ ১৫ রান।
ইনিংসজুড়েই নিজের ব্যাটিংয়ে মনোযোগী হৃদয়। যতটা সম্ভব নিজেই স্ট্রাইক ধরে রাখছেন। স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে উইকেটে এখন তিনি একাই। তার সঙ্গী বলতে কার্যত তাইজুল ইসলাম। ফলে রান তোলার পাশাপাশি উইকেট বাঁচিয়ে রাখার দায়িত্বও অনেকটা নিজের কাঁধেই তুলে নিয়েছেন তিনি। অবশ্য পরিস্থিতির বিচারে তার এমন সতর্কতা অস্বাভাবিক নয়। কারণ, এই মুহূর্তে বাংলাদেশের ইনিংসকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নেওয়ার সবচেয়ে বড় ভরসা হৃদয়ের ব্যাটই।
অসাধারণ এই ইনিংসে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে দেড়শোতে রূপ দিয়েছেন হৃদয়। তাও দলের চরম প্রয়োজনের মুহূর্তে, তাইজুল ইসলামকে সঙ্গে নিয়েই শতরানের মাইলফলক স্পর্শ করেন তিনি। এরপর একই সঙ্গীকে নিয়ে পৌঁছে যান দেড়শো রানেও। এই জুটিতে এখন পর্যন্ত যোগ হয়েছে ৯০ রান। যা বাংলাদেশের ইনিংসে এনে দিয়েছে গুরুত্বপূর্ণ স্বস্তি।
শুধু ব্যক্তিগত অর্জন নয়, এই ইনিংসের মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডও গড়েছেন হৃদয় (১৫৪*) ।
তবে ব্যক্তিগতভাবে দারুণ একটি দিন কাটালেও দলকে এখনো পুরোপুরি স্বস্তিতে ফেরাতে পারেননি হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনো ৮২ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ফলে লিডের ঘাটতি মেটানোর পাশাপাশি যতটা সম্ভব বড় সংগ্রহ গড়ার চ্যালেঞ্জও অপেক্ষা করছে স্বাগতিকদের সামনে।
হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি, চাপ সামলে লড়ছে বাংলাদেশ
দলের কঠিন সময়ে এক প্রান্ত আগলে রেখে হৃদয়ের এই লড়াকু ইনিংস বাংলাদেশের জন্য হয়ে উঠেছে বড় প্রাপ্তি। তবে হৃদয়ের ব্যক্তিগত মাইলফলকের দিনেও স্বস্তিতে নেই বাংলাদেশ। একের পর এক উইকেট হারিয়ে প্রতিপক্ষের চেয়ে এখনো বেশ পিছিয়ে রয়েছে দল।
এর আগে ওয়ারিক্যান অবশ্য নিজের বোলিং নিয়ে আত্মবিশ্বাসীই ছিলেন। হাসানকে উইকেট কিপারের ক্যাচে পরিণত করলে আম্পায়ার নট আউট বলে মাথা নাড়েন তারপর অধিনায়ক চেজও রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত সেই রিভিউ সফল হলে সাজঘরে ফিরতে হয় হাসানকে। ওয়ারিক্যান অফ স্টাম্পের আশপাশে কিছুটা ফ্লাইট দিয়ে বলটি করেছিলেন। পিচে পড়ে সেটি বাইরের দিকে ঘুরে যায়। প্রশ্ন ছিল, বলটি হাসানের ব্যাটের বাইরের কানায় লেগেছে, নাকি ব্যাটের পাশ ঘেঁষে বেরিয়ে গেছে? রিপ্লেতে দেখা যায়, বলটি ব্যাটের বাইরের কানায় স্পর্শ করেছে। ফলে আম্পায়ারের সিদ্ধান্ত বদলে যায়, বিদায় নিতে হয় হাসানকে।
এর আগে বেশ সাবলীলভাবেই ব্যাটিং করছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে তার ইনিংসটি বড় হলো না। ৩০ বলে ১৬ রান করে ফিরতে হলো তাকে। মিরাজকে ফিরিয়ে দারুণ একটি ক্যাচ নেন গ্রিভস। চেজের বলে আগেভাগেই প্যাডেল সুইপ খেলার প্রস্তুতি নিয়েছিলেন মিরাজ। কিন্তু বলটি মাটিতে রাখতে পারেননি। প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা গ্রিভস আগে থেকেই বিষয়টি আঁচ করতে পেরেছিলেন। দ্রুত পাশের দিকে সরে গিয়ে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচটি নেন তিনি। একই ধরনের ফাঁদে পড়ে উইকেট হারালেন লিটন দাসও। এবারও ধীরগতিতে সামান্য ফুল লেংথে অফ স্টাম্প বরাবর বল করেন ওয়ারিক্যান। আক্রমণাত্মক ভঙ্গিতে ড্রাইভ করতে গিয়ে বলটি তুলে দেন কাভারে দাঁড়িয়ে থাকা কিংয়ের হাতে। মুশফিকুর রহমানের মতো লিটনও পা দিলেন ওয়ারিক্যানের পাতা ফাঁদে। ৮ রান করেই সাজঘরে ফিরতে হয় তাঁকে। লিটনের বিদায়ে বাংলাদেশের চাপ আরও বাড়ে। প্রতিপক্ষের চেয়ে তখনো ২১৫ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ।
সাবলীল ব্যাটিংয়ে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন হৃদয়
গতকাল দ্বিতীয় দিনে ২৭ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। এর আগে ইনজুরির কারণে নিয়মিত ওপেনার সাদমান ইসলাম খেলতে না পারায় ইনিংসের সূচনা করতে নামেন নাঈম হাসান। তবে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। একে একে নাঈম হাসান, তামিম ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে শুরুতেই বিপাকে পড়ে স্বাগতিকরা।
এমন কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও তরুণ তাওহীদ হৃদয়। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে বাংলাদেশ।
তবে দলের স্কোরে গুরুত্বপূর্ণ অবদান রাখার পর সাজঘরে ফিরতে হয়েছে মুশফিকুর রহিমকে। ওয়্যারিকানের বলে কাভার ড্রাইভ খেলতে গিয়ে ব্রেন্ডন কিংয়ের হাতে ক্যাচ তুলে দেন তিনি। আউট হওয়ার আগে ৭৬ বল মোকাবিলা করে ৩৪ রান করেন এই অভিজ্ঞ ব্যাটার। তার বিদায়ে হৃদয়ের ওপর বাড়তি দায়িত্ব এসে পড়েছে।

স্পোর্টস ডেস্ক