এশিয়া কাপ আর্চারিতে আরেকটি স্বর্ণজয় বাংলাদেশের
এশিয়ান আর্চারিতে গতকালও একটি স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। আজ এলো দ্বিতীয় স্বর্ণপদক। রিকার্ভ পুরুষ দলীয় ইভেন্টে শক্তিশালী কাজাখস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রোমাঞ্চকর ফাইনালে ৬–২ সেট পয়েন্টের দারুণ জয় এনে দিয়েছেন বাংলাদেশের তিন আর্চার আব্দুর রহমান আলিফ, মো. সাগর ইসলাম ও আব্দুল্লাহ আল মোহাম্মদ রাফি।
ফাইনালে শুরুটা অবশ্য খুব একটা সুবিধার ছিল না বাংলাদেশের জন্য। প্রথম সেটে ৫০–৫৩ পয়েন্টে হেরে গিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে সেই ধাক্কা সামলে দ্রুতই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দ্বিতীয় সেটে ৫৫–৫৪ পয়েন্টে জয় তুলে নিয়ে খেলায় সমতা ফেরান আলিফ-সাগররা।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বাংলাদেশকে। তৃতীয় সেটে নিজেদের নিখুঁত তীরের প্রদর্শনীতে ৫৫–৫২ পয়েন্টে জয় ছিনিয়ে নেয় দল। চূড়ান্ত ও চতুর্থ সেটে ৫২–৫১ পয়েন্ট অর্জন করে কাজাখস্তানকে পুরোপুরি কোণঠাসা করে ফেলে আর্চাররা। চার সেট শেষে ৬–২ সেট পয়েন্টের বড় ব্যবধানে জয় নিশ্চিত হতেই উল্লাসে মেতে ওঠে পুরো বাংলাদেশ শিবির।

স্পোর্টস ডেস্ক