ডব্লিউসিএল থেকে সরে দাঁড়াল পাকিস্তান
অবসর নেওয়া সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হয়ে আসছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল)। আন্তর্জাতিক ক্রিকেটের পরিচিত মুখদের আবারও মাঠে দেখার সুযোগ করে দিতেই এই টুর্নামেন্টের আয়োজন। ২০২৫ সালের আসরটি ইংল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া বিভিন্ন দেশের দল অংশ নিচ্ছে। তবে এবারের আসরে পাকিস্তানের অংশগ্রহণ ঘিরে তৈরি হয়েছে জটিলতা।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল) থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান চ্যাম্পিয়ন্স।
গত বছর এই টুর্নামেন্টকে ‘ভণ্ডামি ও পক্ষপাতিত্বের’ আয়োজন হিসেবে উল্লেখ করে আপত্তি জানিয়েছিল পিসিবি। একই সঙ্গে ডব্লিউসিএলে পাকিস্তানের অংশগ্রহণও মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছিল তারা। পিসিবির অভিযোগ ছিল, প্রতিযোগিতাটিতে ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে মিশিয়ে ফেলা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের আয়োজনে পাকিস্তানের অংশগ্রহণ পুরোপুরি নিষিদ্ধ করার কথাও জানিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড।
এবারও সেই অবস্থান থেকে সরে আসেনি পিসিবি। যদিও গত আসরে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে রানার্সআপ হওয়া পাকিস্তান দলের জন্য এনওসি পাওয়ার চেষ্টা করেছিল টুর্নামেন্টের আয়োজকরা। তবে শেষ পর্যন্ত দুই পক্ষের অচলাবস্থা কাটেনি।
পাকিস্তান চ্যাম্পিয়ন্স ক্রিকইনফোকে জানিয়েছে, ‘প্রয়োজনীয় অনাপত্তিপত্র দিতে অস্বীকৃতি জানানোর সিদ্ধান্তে পাকিস্তান ক্রিকেট বোর্ড অটল থাকায় চলমান বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) অংশ নিতে না পারার কথা দুঃখের সঙ্গে জানাচ্ছে পাকিস্তান চ্যাম্পিয়ন্স।’
এ বছরের ডব্লিউসিএল শুরু হয়েছে ৩ অক্টোবর। ভারত ও অস্ট্রেলিয়া নিজেদের ম্যাচ খেললেও বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের নির্ধারিত ম্যাচটি স্থগিত করা হয়। পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত করতে পিসিবির সঙ্গে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করেছিল আয়োজকরা।
এনওসি পাওয়ার সম্ভাবনা বিবেচনায় রেখেই পাকিস্তানের ম্যাচের সূচি নতুন করে নির্ধারণের পরিকল্পনা করা হয়েছিল। এমনকি সোমবার (৫ অক্টোবর) অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের মাঠে নামার কথা ছিল। তবে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিবৃতির পর স্পষ্ট হয়েছে, এনওসি সংক্রান্ত জটিলতার কোনো সমাধান হয়নি।

স্পোর্টস ডেস্ক