পুরোনো ঠিকানায় সোহান, মুশফিক-হৃদয়রা কে কোথায়?
আগামী ৩ অক্টোবর থেকে মাঠে গড়াতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের আসর ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) লাল বলের চার দিনের ম্যাচ। লাল বলের লড়াই শেষ হওয়ার পরপরই মাঠে গড়াবে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা।
বিশেষ করে এবারের টি-টোয়েন্টি টুর্নামেন্টটি আয়োজিত হচ্ছে একেবারেই ভিন্ন ফরম্যাটে। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলের আদলে এবারের এনসিএলের টি-টোয়েন্টি ফরম্যাট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। নতুন এই টি-টোয়েন্টি টুর্নামেন্টকে সামনে রেখে এবার দলগুলোর আইকন ক্রিকেটারদের নিয়ে হয়ে গেল ড্রাফট অনুষ্ঠান।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ড্রাফটে নিজেদের আইকন ক্রিকেটারদের বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। গত কয়েক আসর ধরেই বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন নুরুল হাসান সোহান। ব্লু স্টার লিমিটেড নামে এনসিএল টি-টোয়েন্টিতে খেলবে তারা। ড্রাফটের পঞ্চম ডাকে নিজেদের পুরোনো সৈনিক সোহানকেই দলে ভেড়ায় ব্লু স্টার।
এর আগে ড্রাফটের শুরুতেই প্রথম ডাক দেওয়ার সুযোগ পেয়েছিল দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। সুযোগ লুফে নিয়ে তারা নিজেদের আইকন ক্রিকেটার হিসেবে দলে ভেড়ায় জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে।
এরপর ড্রাফটের দ্বিতীয় ডাকে সুযোগ পেয়ে ফরচুন গ্রুপ তাদের আইকন হিসেবে বেছে নেয় মারকুটে তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়কে। তৃতীয় ফ্র্যাঞ্চাইজি হিসেবে আইকন খেলোয়াড় বেছে নেওয়ার সুযোগ পায় একমি গ্রুপ। তারা অভিজ্ঞ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে নিজেদের আইকন হিসেবে দলে টানে।
এরপর চতুর্থ ডাকে সুযোগ পেয়ে সেভেন রিংস সিমেন্ট গ্রুপ দলে ভেড়ায় দেশের ক্রিকেটের অন্যতম ভরসা ও অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমকে। আর ড্রাফটে ষষ্ঠ আইকন ক্রিকেটার ডাকার সুযোগটি পায় সিটিজেন ব্যাংক। তারা ওপেনিং ব্যাটার মোহাম্মদ নাঈম শেখকে দলে টেনে তাদের আইকন কোটা পূর্ণ করে।

স্পোর্টস ডেস্ক