মালয়েশিয়ার বিপক্ষে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ
বাংলাদেশের চেয়ে শক্তি-সামর্থ্য, অতীত ইতিহাস কিংবা ফুটবলীয় ঐতিহ্য— সবকিছুতেই মালয়েশিয়া বেশ এগিয়ে। কিন্তু প্রথমার্ধে মালয়েশিয়া যতটা না নিজেদের কৃতিত্ব দেখাল, বাংলাদেশ যেন তারচেয়েও বেশি ভুল করল। বিশেষ করে রক্ষণে শাকিল আহাদ তপুর ভুল দুটি বড় হয়ে দেখা দিল। বাংলাদেশও বিরতিতে গেল পিছিয়ে থেকেই।
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আসিয়ান কাপের ম্যাচে ইন্দোনেশিয়ার জাকার্তায় গ্যালোরা বুং কর্নো স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে আছে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই নিজেদের খুঁজে ফিরছিল বাংলাদেশ। সেই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের রক্ষণে হানা দিচ্ছিল মালয়েশিয়া। ফলাফল পেতে তাদের খুব বেশি সময় লাগেনি। ম্যাচের ১৮তম মিনিটেই এগিয়ে যায় মালয়েশিয়া। লং বল ধরে বাংলাদেশের ডিফেন্ডার শাকিল আহাদ তপুর ভুল কাজে লাগিয়ে জাল খুঁজে নেন আইমান আরিফ।
এরপর নিজেদের কিছুটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিল বাংলাদেশ। মালয়েশিয়ার আক্রমণ থামিয়ে নিজেরাও কয়েকবার আক্রমণ তৈরি করেন হামজা চৌধুরী-ফাহমিদুল ইসলাম-ফারহান আলী ওয়াহিদরা। কিন্তু আবারও ভুল করে বসেন শাকিল আহাদ। বাংলাদেশ হজম করে আরও একটি গোল।
ম্যাচের ৩৮তম মিনিটে বাংলাদেশের বক্সের সামনে বল নিয়ে অপেক্ষা করছিলেন শাকিল আহাদ। পেছন থেকে এসে তার থেকে বল কেড়ে নেন স্টুয়ার্ট উইকিন। তার পাস পেয়ে নিজের এবং দলের দ্বিতীয় গোল করেন আইমান আরিফ।
প্রথমার্ধের শেষদিকে আরও একবার বাংলাদেশের রক্ষণে হানা দিয়েছিল মালয়েশিয়া। গোলমুখে নেওয়া দূরপাল্লার শট আটকে দেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। ফলে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক