এশিয়ান কাপে অংশ নিতে জাপান গেল আর্চারি দল
জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত হতে যাওয়া ২০তম এশিয়ান গেমসে অংশ নিতে ঢাকা ছেড়েছে ১৬ সদস্যের বাংলাদেশ আর্চারি দল। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহায়তায় দলটি জাপানের উদ্দেশ্যে রওনা হয়।
এশিয়ান গেমসের আসরে এটি বাংলাদেশ আর্চারি দলের পঞ্চম অংশগ্রহণ। এর আগে ২০১০ সালে চীনের গুয়াংজু, ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার ইনচন, ২০১৮ সালে ইন্দোনেশিয়ার জাকার্তা-পালেম্বাং এবং ২০২৩ সালে চীনের হাংঝুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে অংশ নিয়েছিল বাংলাদেশ।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, শুরুর দুটি আসরে কোয়ালিফিকেশন রাউন্ডে একেকজন আর্চারকে ৯০, ৭০, ৫০ ও ৩০ মিটার দূরত্বে মোট ১৪৪টি তীর ছুড়তে হতো (১৪৪০ স্কোরের টার্গেটে)। তবে ২০১৮ সালের ১৮তম আসর থেকে নিয়মে পরিবর্তন আনা হয়। নতুন নিয়ম অনুযায়ী ৭০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়তে হয়, যেখানে স্কোরের টার্গেট ৭২০। বর্তমানে এই নিয়মেই খেলা পরিচালিত হচ্ছে।
জাপানগামী ১৬ সদস্যের এই দলে রয়েছেন ১২ জন আর্চার, ২ জন কোচ এবং ২ জন কর্মকর্তা।
রিকার্ভ পুরুষ দলের হয়ে অংশ নিচ্ছেন আব্দুর রহমান আলিফ, রামকৃষ্ণ সাহা ও মো. রাকিব মিয়া। রিকার্ভ নারী দলের হয়ে অংশ নিচ্ছেন সীমা আক্তার শিমু, সায়মা সালাহ উদ্দিন ও মোছা. মনিরা আক্তার। কম্পাউন্ড পুরুষ দলের হয়ে অংশ নিচ্ছেন নেওয়াজ আহমেদ রাকিব, হিমু বাছাড় ও ঐশ্বর্য্য রহমান। কম্পাউন্ড নারী দলের হয়ে অংশ নিচ্ছেন বন্যা আক্তার, মোসা. কুলছুম আক্তার মনি ও পুষ্পিতা জামান।
এছাড়া কোচ হিসেবে দলের সঙ্গে আছেন মার্টিন ফ্রেডরিক (জার্মানি) ও মো. ইমদাদুল হক মিলন (বাংলাদেশ)। আর সৈয়দ তানভীর রায়হান (টিম লিডার) ও শিমুল আক্তার (টিম লিডার)।

স্পোর্টস ডেস্ক