বাবরের কঠোর সমালোচনায় ওয়াসিম আকরাম
ইংল্যান্ড সফরের প্রথম দুই টেস্টে হারের পর দলে বড় ধরনের পরিবর্তন আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাতজন খেলোয়াড়কে দেশে ফেরত পাঠানোর পাশাপাশি কোচিং স্টাফেও পরিবর্তন আনা হয়। এই পরিবর্তে সম্পর্কে অধিনায়ক বাবর আজম কিছুই জানতেন না বলে জানান। এসব নিয়ে বাবরের কঠোর সমালোচনা করেছেন আকরাম খান।
ম্যানচেস্টারে আয়োজিত একটি দাতব্য তহবিল সংগ্রহ অনুষ্ঠানে সাবেক পেসার ওয়াকার ইউনুসের সঙ্গে পাকিস্তান দলের সাম্প্রতিক পারফরম্যান্স ও বাবরের নেতৃত্ব নিয়ে আলোচনা করেন আকরাম।
আকরামের মতে, বাবরের অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার প্রয়োজন ছিল না। নেতৃত্বের চাপ না নিয়ে বাবরের একজন সাধারণ খেলোয়াড় হিসেবেই খেলা চালিয়ে যাওয়া উচিত ছিল।
আকরাম বলেন, ‘আমি কাউকে দোষারোপ করতে চাই না, এমনকি আমার কথাও ভুল হতে পারে। তবে আমার মনে হয়, বাবরের অধিনায়কত্ব নেওয়া উচিত হয়নি। এর কোনো প্রয়োজনই ছিল না।’
বার্মিংহামে সিরিজের তৃতীয় টেস্ট শুরুর আগে টসের সময় এসব পরিবর্তন নিয়ে বাবরকে প্রশ্ন করা হলে তিনি জানান, এ বিষয়ে তিনি কিছুই জানতেন না।
বাবরের সেই মন্তব্যের প্রসঙ্গ টেনে আকরাম ব্যঙ্গ করে বলেন, ‘বাবর আজম বলেছিল, সে কিছুই জানে না। যদি কিছুই না জানো, তাহলে এখানে কী করছিলে? ছোলা বিক্রি করতে এসেছিলে?’
এ সময় দলের খেলোয়াড়দের পাশে অধিনায়কের থাকার গুরুত্বও তুলে ধরেন আকরাম। তিনি বলেন, ‘একজন খেলোয়াড় কিংবা মানুষ হিসেবে আমি মনে করি, আপনার অধিনায়ক যদি আপনার পাশে না দাঁড়ান, তাহলে আপনার পক্ষে নিজের শতভাগ দেওয়া সম্ভব নয়।’

স্পোর্টস ডেস্ক