রবি বোলার হান্টে যেভাবে রেজিস্ট্রেশন করবেন
দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন ও সম্ভাবনাময় বোলিং প্রতিভা খুঁজে বের করতে আয়োজন করা হয়েছে রবি বোলার হান্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও রবির যৌথ উদ্যোগে আয়োজিত এই ট্যালেন্ট হান্টে নারী ও পুরুষ ক্রিকেটারদের অংশ নেওয়ার সুযোগ থাকছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ১৬ থেকে ২৫ বছর বয়সী নারী ও পুরুষ ক্রিকেটাররা এই বোলার হান্টে অংশ নিতে পারবেন। দেশের বিভিন্ন ভেন্যুতে আলাদা দিনে প্রাথমিক ট্রায়াল অনুষ্ঠিত হবে। ঢাকায় হবে দুটি ট্রায়াল। সব মিলিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মোট নয়টি ট্রায়ালের আয়োজন করা হবে।
ট্রায়ালে পেসার ও স্পিনার, উভয় ধরনের বোলারই অংশ নেওয়ার সুযোগ পাবেন। আঞ্চলিক পর্যায়ের ট্রায়ালে নিজেদের বোলিং দক্ষতা প্রদর্শনের মাধ্যমে নির্বাচকদের নজরে আসার সুযোগ থাকবে প্রতিযোগীদের।
ট্রায়াল হবে যেসব এলাকায়
রবি বোলার হান্টের আঞ্চলিক ট্রায়াল শুরু হবে সিলেট থেকে। এরপর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে ট্রায়াল অনুষ্ঠিত হবে। ট্রায়াল আয়োজনের তালিকায় রয়েছে সিলেট, খুলনা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং ঢাকা। ঢাকায় দুটি আলাদা ট্রায়াল অনুষ্ঠিত হবে, ঢাকা উত্তর ও দক্ষিণে সিটিতে। বরিশাল অঞ্চলের ট্রায়াল খুলনায় আয়োজন করা হবে।
রেজিস্ট্রেশন করবেন যেভাবে
বোলার হান্টে অংশ নিতে আগ্রহীদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য মাই রবি অ্যাপ ব্যবহার করা যাবে। এছাড়া মাই সার্কেল অ্যাপের মাধ্যমেও রেজিস্ট্রেশনের সুযোগ রয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
রেজিস্ট্রেশন করতে প্রথমে মোবাইল ফোনে মাই রবি অ্যাপ খুলতে হবে। এরপর নিজের রবি নম্বর দিয়ে অ্যাপে লগইন করতে হবে। অ্যাপে প্রবেশ করার পর রবি বোলার হান্ট সংক্রান্ত ব্যানার বা অপশন খুঁজে সেখানে প্রবেশ করতে হবে।
এরপর রেজিস্ট্রেশন ফরমে প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য দিতে হবে। নিজের নাম, বয়স এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। যে অঞ্চলের ট্রায়ালে অংশ নিতে চান, সেই ট্রায়াল সম্পর্কিত তথ্যও নির্বাচন করতে হতে পারে।
সব তথ্য পূরণ করার পর রেজিস্ট্রেশন সাবমিট করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর অ্যাপে দেওয়া নির্দেশনা অনুসরণ করে ট্রায়ালের প্রস্তুতি নিতে হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ এলাকার ট্রায়ালের আগের দিন পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন। তাই নির্ধারিত ট্রায়ালের তারিখের আগে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
কারা অংশ নিতে পারবেন?
রবি বোলার হান্টে ১৬ থেকে ২৫ বছর বয়সী নারী ও পুরুষ ক্রিকেটাররা অংশ নিতে পারবেন। পেসারদের পাশাপাশি স্পিনারদেরও নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ থাকছে।
ট্রায়ালের পর কী হবে
আঞ্চলিক পর্যায়ের ট্রায়ালে নির্বাচিত বোলারদের পরবর্তী ধাপে ঢাকায় অনুষ্ঠিত ফাইনাল ক্যাম্পে ডাকা হবে। সেখানে আরও যাচাই ও মূল্যায়নের পর সম্ভাবনাময় ক্রিকেটারদের বাছাই করা হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত ক্রিকেটারদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্লেয়ার ডেভেলপমেন্ট ও গ্রুমিং প্রোগ্রামের আওতায় প্রশিক্ষণ ও পরিচর্যার সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
কারা থাকছেন বাছাই প্রক্রিয়ায়
রবি বোলার হান্টের বাছাই প্রক্রিয়ায় দেশি ও বিদেশি অভিজ্ঞ কোচ এবং সাবেক ক্রিকেটাররা যুক্ত থাকছেন। বিচারক প্যানেলে রয়েছেন পাকিস্তানের সাবেক লেগস্পিনার মুশতাক আহমেদ, ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার কোরি কলিমোর এবং বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।
অতীতেও বোলার হান্টের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করা হয়েছে। রুবেল হোসেন, এবাদত হোসেন ও রিশাদ হোসেনের মতো ক্রিকেটারাও উঠে এসেছেন এ ধরনের প্রতিভা অন্বেষণ কার্যক্রম থেকে।

স্পোর্টস ডেস্ক