হল্যান্ডের নৈপুণ্যে জয় দিয়ে আসর শুরু করল ম্যানসিটি
ঘরের মাঠেও ম্যানচেস্টার সিটির কাছে পাত্তা পেল না এফসি পোর্তো। বল দখলে রেখে স্বাগতিকদের ওপর ছড়ি ঘোরালো ইংলিশ জায়ান্টরা। যদিও গোলের দেখা পায়নি খুব বেশি, তবে ম্যাচে একক আধিপত্য দেখিয়েছে সিটিজেনরা। স্বাগতিকদের হারিয়ে আসর শুরু করল জয় দিয়ে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পোর্তোর ঘরের মাঠে তাদের ২-০ গোলে হারিয়েছে ম্যানসিটি। ম্যাচে দুটি গোলই করেছেন আর্লিং হল্যান্ড।
ম্যাচের ১৬তম মিনিটে নতুন সাইনিং এনজো ফার্নান্দেজের বাড়িয়ে দেওয়া বল ধরে ডিবক্সের বাইরে থেকে জোড়ালো শট নেন অ্যান্টোইন সেমেনিয়ো। তবে মাঝপোস্টে তা সহজেই গ্লাভস বন্দী করেন পোর্তো গোলরক্ষক দিয়োগো কোস্তা।
২১তম মিনিটে আবারও হতাশ হতে হয় ম্যানচেস্টার সিটিকে। ফিল ফোডেনের দারুণ ক্রস থেকে বক্সে লাফিয়ে উঠে হেড করেন আর্লিং হাল্যান্ড। কিন্তু পোস্টের ওপরের দিক থেকে তা চমৎকার পাঞ্চ করে বের করে দেন দিয়োগো কোস্তা।
৩০ মিনিটের মধ্যেই আরও দুইবার সিটিকে হতাশ করেন পোর্তোরর গোলরক্ষক কস্তা। ২৯তম মিনিটে চেরকির বাড়িয়ে দেওয়া বল ধরে ফোডেনের নেওয়া শট এবং ৩২ মিনিটে ম্যাথিউস নুনসের পাসে বক্সে হাল্যান্ড ও চেরকির পরপর দুটি শট বাঁচিয়ে পোর্তোকে সমতায় রাখেন গোলরক্ষক কোস্তা।
গোল শূন্য সমতার বিরতি থেকে ফিরেই ম্যাচের ডেডলক ভাঙে ম্যানসিটি। ম্যাচের ৪৭তম মিনিটে এনজো ফার্নান্দেজের মাপা ক্রস ছয় গজ বক্সে পেয়ে নিচু হেডে বল জালে জড়িয়ে দেন হল্যান্ড।
ম্যাচের ৫৭তম মিনিটে আলান ভারেলার দূরপাল্লার শট এবং ৬২তম মিনিটে ভারেলার পাস থেকে উইলিয়াম গোমেসের নেওয়া বাঁ পায়ের শট পোস্টের সামান্য ডান দিক দিয়ে বাইরে চলে যায়।
এরপর ৬৬তম মিনিটে ফোডেনের পাসে বক্সে চমৎকার জায়গা বানিয়ে ডান পায়ে শট নেন বদলি নামা ইলিম্যান এদিয়া, তবে এবারও পোস্টের ওপরের দিকে হাত ছুঁইয়ে তা কর্নারের বিনিময়ে রক্ষা করেন কোস্তা।
১০ মিনিট পর আক্রমণ তৈরি করে দুই দলই। তবে সেখান থেকে গোল আদায় করতে পারেনি কেউই। ম্যাচের ৭৬তম মিনিটে স্যান্টিয়াগো জিমেনেজের ক্রস থেকে বক্সে ফাঁকায় বল পেয়েও সুযোগ নষ্ট করেন পোর্তোর পেপে। এর পরের মিনিটেই পাল্টা আক্রমণ থেকে আইত-নুরির নেওয়া জোড়ালো শট ডিফেন্সের গায়ে লেগে ব্লক হয়।
ম্যাচের ৯০তম মিনিটে আইত-নুরির পাসে বক্সের বাইরে থেকে এলিয়ট অ্যান্ডারসনের নেওয়া জোড়ালো শট পোস্টের ওপরের ডান কোণ থেকে লাফিয়ে উঠে আটকান গোলরক্ষক দিয়োগো কোস্তা।
এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটেই নিজের জোড়া গোলে ব্যবধান দ্বিগুন করেন হল্যান্ড। কর্নার থেকে তৈরি হওয়া জটলায় আইত-নুরির পাস বক্সে পেয়ে যান হল্যান্ড। ঠান্ডা মাথার ডান পায়ের নিচু প্লেসিং শটে জালে বল জড়িয়ে দেন তিনি। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।

স্পোর্টস ডেস্ক