মায়ামিতে যেভাবে নিষেধাজ্ঞা এড়ালেন মেসি-ডি পল
গত বছরের মতো এবারও এমএলএস অল-স্টার ম্যাচে দেখা যাবে না লিওনেল মেসিকে। বিশ্বকাপে টানা ম্যাচ খেলার ধকল সারাতে বিশ্রামে যাচ্ছেন তিনি। ম্যাচ না খেললেও কোনো শাস্তি বা নিষেধাজ্ঞার মুখে পড়তে হচ্ছে না তাকে। একই সুবিধা পেয়েছেন তার সতীর্থ রদ্রিগো ডি পলও।
নিয়ম অনুযায়ী, এমএলএস অল-স্টার দলে নির্বাচিত কোনো খেলোয়াড় বৈধ কারণ ছাড়া ম্যাচে না খেললে শাস্তির মুখে পড়েন। কিন্তু এবার মেসি ও ডি পলের ক্ষেত্রে সেই নিয়ম প্রযোজ্য হচ্ছে না।
২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই দুই ফুটবলার। দীর্ঘ টুর্নামেন্ট শেষে খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করতে ফিফপ্রোর নীতিমালা অনুসরণ করে তাদের বিশেষ ছুটি দিয়েছে মেজর লিগ সকার (এমএলএস)।
মৌসুম শুরুর আগেই এ বিষয়ে এমএলএস ও এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা হয়। সেই চুক্তি অনুযায়ী, বিশ্বকাপ শেষে প্রতিটি ক্লাব নিজ নিজ খেলোয়াড়ের সঙ্গে আলোচনা করে বিশ্রাম এবং অনুশীলনে ফেরার সময়সূচি নির্ধারণ করবে।
এক বিবৃতিতে এমএলএস জানিয়েছে, এই নীতিমালার আওতায় লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলকে অল-স্টার ম্যাচে অংশগ্রহণ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে কোনো রকম শাস্তি বা নিষেধাজ্ঞায় পড়বেন না তারা।

স্পোর্টস ডেস্ক