ফাইনালের রেফারিং নিয়ে মুখ খুললেন স্কালোনি
বিশ্বকাপ ফাইনালে হারের বেদনা এখনও কাটেনি আর্জেন্টিনা শিবিরে। নিউ জার্সিতে স্পেনের বিপক্ষে অতিরিক্ত সময়ে ১-০ গোলের পরাজয়ে শিরোপা হাতছাড়া হওয়ার হতাশা নিয়েই নিজের জন্মশহর সান্তা ফে প্রদেশের পুজাতোয় ফিরেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
নিজ শহরে ফিরে সমর্থকদের ভালোবাসায় সিক্ত হলেও সংবাদমাধ্যমের সামনে এসে কোনো অজুহাত খুঁজতে চাননি এই কোচ। বরং আত্মসমালোচনার সুরেই কথা বলেছেন তিনি। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ফাইনালের ফলাফলে রেফারিং নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই।
স্কালোনি বলেন, ‘রেফারিং কি অন্যায্য ছিল? একদমই না। আমরা হেরেছি কারণ প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলেছে। এটা স্বীকার করতেই হবে। হয়তো আমরা ফাইনালে পৌঁছেছিলাম শেষ শক্তিটুকু নিয়ে। কিন্তু কখনও কখনও প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব মেনে নেওয়াই বড় বিষয়। এতে দল আরও শক্তিশালী হয়।’
ফাইনালের পর ড্রেসিংরুমের পরিস্থিতি নিয়েও কথা বলেন স্কালোনি। তিনি জানান, সেই মুহূর্তে কোনো অনুপ্রেরণামূলক বক্তব্য দেওয়ার পরিস্থিতি ছিল না।
‘ফাইনালের পর কী কথা হয়েছে? আমি নয়, মেসিই কথা বলেছিল। আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি, কিন্তু তখন দুঃখটাই সবকিছুর ওপরে ছিল’— যোগ করেন স্কালোনি।

স্পোর্টস ডেস্ক