যে কারণে মুখ ঢেকে কথা বলার পরও লাল কার্ড দেখেননি কুকুরেলা
বিশ্বকাপ ফাইনালের উত্তাপ শেষ হওয়ার পরও থামেনি আলোচনার ঝড়। শিরোপার লড়াই পেরিয়ে এখন আলোচনায় উঠে এসেছে এক বিতর্কিত মুহূর্ত। এনজো ফার্নান্দেজের লাল কার্ডের পর লিওনেল মেসির প্রতিবাদ, মার্ক কুকুরেলার বিরুদ্ধে অভিযোগ এবং ফিফার নতুন নিয়মের প্রয়োগ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। তবে শেষ পর্যন্ত ভিডিও পর্যালোচনার পর মাঠে টিকে যান স্পেনের এই ডিফেন্ডার।
স্পেনের কাছে আর্জেন্টিনার হারের ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ। পাউ কুবার্সির ওপর অসতর্ক ফাউলের কারণে পাওয়া সেই কার্ড বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে ষষ্ঠ লাল কার্ড হিসেবে জায়গা করে নেয়।
ফার্নান্দেজের বিদায়ের পরই রেফারির কাছে ছুটে যান মেসি। উত্তেজিত ভঙ্গিতে তিনি স্পেনের লেফট ব্যাক মার্ক কুকুরেলার দিকে ইশারা করে অভিযোগ করেন, এই ডিফেন্ডার মুখ ঢেকে কথা বলেছেন। মেসির দাবি ছিল, ফিফার নতুন নিয়ম অনুযায়ী কুকুরেলার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।
তবে ম্যাচ কর্মকর্তারা মেসির অভিযোগে সাড়া দেননি। কারণ ফিফার নতুন নিয়ম অনুযায়ী, শুধু মুখ ঢেকে কথা বলাই শাস্তিযোগ্য অপরাধ নয়। কোনো খেলোয়াড় সংঘাতপূর্ণ পরিস্থিতিতে ইচ্ছাকৃতভাবে মুখ ঢেকে কথা বলেছেন, এমন প্রমাণ পাওয়া গেলেই কেবল লাল কার্ড দেখানো হতে পারে।
এই নিয়মের পেছনে রয়েছে গত মৌসুমের আলোচিত ঘটনা। বেনফিকার আর্জেন্টাইন খেলোয়াড় জিয়ানলুকা প্রেস্টিয়ান্নির বিরুদ্ধে মুখ ঢেকে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়রকে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় শাস্তির মুখেও পড়েছিলেন তিনি। এরপরই এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন নিয়ম চালু করে ফিফা।
ফাইনালের ভিডিও পর্যালোচনায় দেখা যায়, কুকুরেলা মেসির সঙ্গে কথা বলার সময় অল্প সময়ের জন্য নিজের মুখ স্পর্শ করেছিলেন। তবে সেখানে কোনো উত্তপ্ত বাক্যবিনিময়, আক্রমণাত্মক আচরণ বা নিয়ম ভাঙার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
মেসির অভিযোগ গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হলেও পর্যাপ্ত প্রমাণ না থাকায় কুকুরেলাকে সন্দেহের সুবিধা দেওয়া হয়। ফলে ম্যাচ কর্মকর্তারা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি। ফুটবল বিশ্লেষকদের বড় অংশের মত, ফিফার নিয়মের ব্যাখ্যা অনুযায়ী এ সিদ্ধান্তই ছিল সঠিক।
ঘটনাটি নিয়ে কথা বলেছেন ইংল্যান্ডের সাবেক তারকা ওয়েইন রুনিও। বিবিসিকে তিনি বলেন, ‘আর্জেন্টিনা এমনভাবেই খেলে, আমরা সেটা জানি। তবে আপনি সবসময় ভালো ক্রীড়াসুলভ আচরণ দেখতে চান। লিওনেল মেসিকে এভাবে আচরণ করতে দেখে খারাপ লেগেছে।’

স্পোর্টস ডেস্ক