আর্জেন্টিনা না ইংল্যান্ড, ফাইনালে কাদের চান স্পেন কোচ
ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পেন। এখন প্রতিপক্ষের অপেক্ষা। ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার সেমিফাইনালের বিজয়ীর বিপক্ষে আগামী ১৯ জুলাই শিরোপা নির্ধারণী লড়াইয়ে নামবে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। দ্বিতীয় সেমিফাইনালে আজ বুধবার (১৫ জুলাই) দিনগত রাত ১টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা-ইংল্যান্ড।
ডালাসে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ইউরোপের দুই পরাশক্তির দ্বৈরথে ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় স্পেন। ম্যাচ শেষে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের কাছে জানতে চাওয়া হয়, ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কাকে চান তিনি।
জবাবে স্পেন কোচ স্পষ্ট করে দেন, ‘আমরা কোনো পছন্দ-অপছন্দের অবস্থানে নেই। আমাদের কাছে দুটোই সমান। প্রত্যেকের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। স্বাভাবিকভাবেই আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ফুটবল এক নয়। ইউরোপীয় ফুটবল আর লাতিন ফুটবলের ধরন আলাদা।’
‘স্কালোনির সঙ্গে আমার ব্যক্তিগত বন্ধুত্বের কারণে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারলে ভালো লাগবে। এটা আমার জন্য সত্যিই দারুণ আনন্দের ও রোমাঞ্চকর হবে। তবে ইংল্যান্ডও খুব কঠিন প্রতিপক্ষ হবে’, যোগ করেন লা ফুয়েন্তে।
ইংল্যান্ডকেও সমানভাবে সমীহ করছেন স্পেন কোচ। তার মতে, ‘ইংল্যান্ডের ফুটবলীয় শক্তির প্রতিও আমার গভীর শ্রদ্ধা রয়েছে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই আমি ইংল্যান্ডকে অন্যতম দাবিদার বলেছিলাম। তবে যে-ই আসুক, আমরা তাদেরকে স্বাগত জানাতে প্রস্তুত।’

স্পোর্টস ডেস্ক