স্পেনের কাছে হেরে রেফারির যোগ্যতা নিয়ে প্রশ্ন দেশমের
বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে ছুটছিল ফ্রান্স। ছয় ম্যাচে ১৬ গোল করে দিদিয়ের দেশমের দল জায়গা করে নিয়েছিল টুর্নামেন্টের অন্যতম সেরা আক্রমণাত্মক দলের তালিকায়। তাদের পারফরম্যান্স দেখে উঠেছিল ইতিহাসের সেরা বিশ্বকাপ দলগুলোর সঙ্গে তুলনাও। তবে শেষ চারের লড়াইয়ে স্পেনের নিয়ন্ত্রিত ফুটবলের সামনে থেমে গেছে ফরাসিদের সেই স্বপ্নযাত্রা।
সেমিফাইনালে হারের পর হতাশা লুকাতে পারেননি দেশম। টুর্নামেন্ট শেষে দায়িত্ব ছাড়তে যাওয়া ফ্রান্স কোচ স্বীকার করেছেন, স্পেনের বিপক্ষে তার দল প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে ছিল। ম্যাচ শেষে তিনি বলেন, ‘অবশ্যই অনেক হতাশা আছে। খেলোয়াড়রা ভেঙে পড়েছে, কারণ আমাদের অনেক বড় আশা ছিল।’
দেশম আরও বলেন, ‘আমাদের বাস্তবতাও মেনে নিতে হবে। আজ আমরা এমন একটি দলের বিপক্ষে এক ধাপ পিছিয়ে ছিলাম, যারা ম্যাচটি খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করেছে। সবার আগে এটা আমাদের নিজেদের ভুল। আমি কাউকে দোষ দিতে চাই না।’
তবে ম্যাচ পরিচালনা নিয়ে প্রশ্ন তুলেছেন ফরাসি কোচ। প্রথমার্ধে লুকাস দিনিয়ে লামিনে ইয়ামালকে ফাউল করার পর স্পেনকে দেওয়া পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। দেশম প্রশ্ন ছুড়ে দেন, বিশ্বকাপের সেমিফাইনালের মতো বড় ম্যাচ পরিচালনার জন্য রেফারি যথেষ্ট মানসম্পন্ন ছিলেন কি না।
দেশম অবশ্য জানান, শুধু হারের কারণেই তিনি রেফারিং নিয়ে কথা বলছেন না। তার মতে, ম্যাচে আরও কিছু পরিস্থিতি ছিল, যেখানে সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন থাকতে পারে। তবে কোন কোন সিদ্ধান্তের কথা বলছেন, তা বিস্তারিত জানাননি তিনি।

স্পোর্টস ডেস্ক