আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের আগে আলোচনায় কে এই ‘৯ কার্ড’ দেখানো রেফারি
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বুধবার (১৫ জুলাই) আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। অভিজ্ঞ রেফারি ইসমাইল এলফাতকে হাইভোল্টেজ এই ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে ফিফা। চলতি আসরে ইতোমধ্যে তিনটি ম্যাচ পরিচালনা করা এই রেফারি বেশ কঠোরভাবে দায়িত্ব পালন করেছেন।
৪৪ বছর বয়সী এলফাত নেদারল্যান্ডস-জাপান, উরুগুয়ে-স্পেন ও ব্রাজিল-নরওয়ে ম্যাচে দায়িত্ব পালন করেন। তিন ম্যাচে তিনি মোট ৮টি হলুদ ও ১টি লাল কার্ড দেখিয়েছেন, যা ম্যাচ নিয়ন্ত্রণে তার কড়া অবস্থানের ইঙ্গিত দেয়।
তার কিছু সিদ্ধান্ত নিয়ে অবশ্য বিতর্কও হয়েছে। স্পেন-উরুগুয়ে ম্যাচে বেশ কয়েকটি কঠিন ফাউলে কঠোর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ওঠে। বিশেষ করে ইনিয়াকি উইলিয়ামসকে গুরুতর ফাউলের ঘটনায় শুধু হলুদ কার্ড দেখানো নিয়ে সমালোচনা করে স্প্যানিশ গণমাধ্যম।
ব্রাজিল-নরওয়ে ম্যাচেও শুরুতে একটি স্পষ্ট পেনাল্টি না দেওয়ায় প্রশ্ন ওঠে তার সিদ্ধান্ত নিয়ে। পরে ভিএআর রিভিউয়ে পেনাল্টি দেওয়া হলেও ম্যাচের গতি ততক্ষণে বদলে যায়। একই ম্যাচে আরেকটি পেনাল্টি পায় ব্রাজিল, যদিও শেষ পর্যন্ত ফল নিজেদের পক্ষে আনতে পারেনি সেলেসাওরা।
মরক্কোর ক্যাসাব্লাঙ্কায় জন্ম নেওয়া এলফাত পরবর্তীতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং সেখানেই গড়ে তোলেন তার রেফারিং ক্যারিয়ার। ২০১৬ সাল থেকে তিনি ফিফার আন্তর্জাতিক প্যানেলে আছেন এবং মেজর লিগ সকারে নিয়মিত ম্যাচ পরিচালনা করে আসছেন।
বিশ্বকাপ, কোপা আমেরিকা, অলিম্পিকসহ বিভিন্ন বড় টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। কাতার বিশ্বকাপেও তিনটি ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন এলফাত।

স্পোর্টস ডেস্ক