কেন এতদিন ইংল্যান্ডের মুখোমুখি হননি মেসি
দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এবারই প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আগামী ১৪ জুলাই দিনগত রাতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। শিরোপা ধরে রাখার মিশনে থাকা আর্জেন্টিনার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইংল্যান্ড। আর সেই পথেই প্রথমবারের মতো থ্রি লায়ন্সদের বিপক্ষে মাঠে নামবেন মেসি।
২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে শেষবার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ পাননি মেসি। একই বছর আগস্টে হাঙ্গেরির বিপক্ষে অভিষেক হয়েছিল তার। ম্যাচের মাত্র ৪৭ সেকেন্ড খেলেই লাল কার্ড দেখেন তিনি। যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচটি মিস করেন মেসি। এরপর আর দুদলের দেখা না হওয়ার ইংলিশদের মুখোমুখি হওয়া হয়নি মেসির।
বিশ্বকাপ ইতিহাসে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াই সবসময়ই ছিল উত্তেজনাপূর্ণ। ১৯৬২ বিশ্বকাপে প্রথম দেখায় ৩-১ ব্যবধানে জয় পায় ইংল্যান্ড। ১৯৬৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওয়েম্বলিতে ১-০ গোলে জেতে থ্রি লায়ন্স।
১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ইতিহাসের অন্যতম আলোচিত ম্যাচ। দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল এবং শতাব্দীর সেরা গোলের সুবাদে ২-১ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা।
১৯৯৮ বিশ্বকাপে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। আর সর্বশেষ ২০০২ বিশ্বকাপে ১-০ গোলে জয় পায় ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্ক