বৈশাখী টিভির ডিএমডির বিষয়ে সুষ্ঠু তদন্ত ও দ্রুত ন্যায়বিচার চায় অ্যাটকো
অ্যাটকো পরিচালক ও বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যাশা জানিয়েছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)।
রোববার (২২ নভেম্বর) সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুস সালামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রত্যাশার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টিপু আলম মিলনের বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে অ্যাটকো আশা করছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে রাজধানীর মহাখালীতে অবস্থিত বৈশাখী টেলিভিশনের কার্যালয় থেকে টিপু আলম মিলনকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ।
এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন বলেন, টিপু আলম মিলন টেলিভিশন কার্যালয়ে প্রবেশের পর তাকে ঘিরে রাখে একদল লোক। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। টিপু ‘বৈষম্যবিরোধী আন্দোলনে’ সংঘটিত হত্যা মামলার আসামি।
এর আগে বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এমন পরিস্থিতি থেকে উদ্ধারের আকুতি জানিয়ে কার্যালয়ের ছাদ থেকে ফেসবুক লাইভ করেন প্রতিষ্ঠানটিতে কর্মরত একজন সাংবাদিক।
শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে বৈশাখী টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ওই ঘটনাটি সরাসরি সম্প্রচার করা হয়। এতে একজন সাংবাদিক দাবি করেন, একদল লোক টেলিভিশনটির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এতে তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন। হামলার কারণে তারা নিচে নামতে পারছেন না।
ফেসবুক লাইভে ওই সাংবাদিক বলেন, আমরা বাধ্য হয়ে ছাদ থেকে লাইভ করার চেষ্টা করছি। আমরা পুরো অবরুদ্ধ হয়ে আছি। কোনোভাবে নিচে নামতে পারছি না। আমাদের একজন সহকর্মীকে আঘাত করা হয়েছে।
ওই সাংবাদিক আরও বলেন, হামলাকারীরা কার্যালয়ের মূল ফটকে তালা দিয়েছে। লিফটও বন্ধ রয়েছে। এ অবস্থায় ভবনের ভেতরে আটকা পড়েছে সাংবাদিক ও কর্মীরা। তাদের দুটি মোবাইলফোন ও একটি ক্যামেরা নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
লাইভে বৈশাখী টেলিভিশনের একজন কর্মী জানান, প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) টিপু আলম মিলনকে একদল লোক তুলে নিয়ে যাওয়ার খবর পেয়ে কর্মীরা তাকে উদ্ধার করে কার্যালয়ে নিয়ে আসেন। তবে এরপরও হামলাকারীরা নিচে অবস্থান করছিল এবং মূল ফটক ভাঙার চেষ্টা করছিল।
লাইভ থেকে ওই কর্মী বলেন, নিচে এখনও তারা আছে এবং বাইরে থেকে তারা গেট ভাঙার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিচে আছে। আশা করি, খুব দ্রুত এর সমাধান হবে। আমরা অনেকে আটকে আছি। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেছেন বলেও লাইভে জানান তিনি।
পরে বনানী থানা-পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। লাইভে পুলিশ সদস্যদের নিচে অবস্থানরত লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়।
এ সময় সাংবাদিকেরা তাদের আহত সহকর্মীকে হাসপাতালে পাঠাতে না পারার কথাও জানান। নিরাপত্তার কারণে লাইভে কয়েকজন কর্মীর পরিচয় ও চেহারা প্রকাশ করেননি তারা।

এনটিভি অনলাইন ডেস্ক