বিশ্বকাপের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন বেলিংহ্যাম
বিশ্বকাপে মিডফিল্ডালদের কাজ সাধারণত ফরোয়ার্ডদের বলের জোগান দেওয়া, তারা যেন গোল করে দলকে এগিয়ে নেন। তবে এবারের বিশ্বকাপে ভিন্ন গল্প লিখেছেন ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। বিশ্বকাপের শতবর্ষের ইতিহাসে গড়েছেন নতুন এক রেকর্ড।
একজন মিডফিল্ডার হিসেবে বেলিংহ্যাম নিজের কাজটা করছেন ঠিকঠাকই। হ্যারি কেইনদের যোগান দিচ্ছেন বল। তবে ফরোয়ার্ড ব্যর্থ হলে দায়িত্ব তুলে নিচ্ছেন নিজেই। গুরুত্বপূর্ণ সময়ে দলকে উপহার দিচ্ছেন গোল।
এবারের বিশ্বকাপে ইতোমধ্যে ৬টি গোল করেছেন বেলিংহ্যাম। যার চারটিই ম্যাচজয়ী গোল। সেই গোলেই লিখেছেন নতুন ইতিহাস। মিডফিল্ডার হিসেবে এক বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মালিক এখন বেলিংহ্যাম।
যদিও সাবেক আর্জেন্টাইন কিংবদন্তি মারিও কেম্পেস ১৯৭৮ বিশ্বকাপে ৬টি গোল করেছিলেন। তবে, ক্যারিয়ারে তিনি অ্যাটাকিং মিডফিল্ডারের পাশাপাশি স্ট্রাইকার হিসেবেও খেলেছেন। ফলে তাকে এককভাবে মিডফিল্ডার বলা যায়।
বেলিংহ্যামের বয়স মাত্র ২৩ বছর। এই বয়সেই তিনি দেখিয়ে দিয়েছেন, বড় মঞ্চে চাপ সামলে নিজেকে কতটা মেলে ধরা যায়। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার ইংল্যান্ডের হয়ে আট ম্যাচে করেছেন ছয় গোল।
বেলিংহ্যামের সবচেয়ে বড় দিক হলো, গুরুত্বপূর্ণ সময়েই তিনি জ্বলে উঠেছেন। মেক্সিকোর বিপক্ষে রাউন্ড অব ১৬-তে করেছেন জোড়া গোল। এরপর কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষেও করেছেন দুই গোল। যা শেষ পর্যন্ত ইংল্যান্ডকে সেমিফাইনালের টিকিট এনে দেয়।
২০২২ কাতার বিশ্বকাপে বেলিংহ্যামের গোল ছিল একটি। ইরানের বিপক্ষে। চার বছর পর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়ে। এক বিশ্বকাপ পরই নিজেকে বিশ্বের সেরাদের কাতারে নিয়ে গেছেন তিনি।

স্পোর্টস ডেস্ক