কেন এই জয়কে ঐতিহাসিক বললেন আর্জেন্টিনা কোচ?
আর্জেন্টিনার নাভিশ্বাস উঠিয়ে ছেড়েছে সুইজারল্যান্ড। ১০ জনের দলের বিপক্ষে দ্বিতীয় গোল পেতে আলবিসেলেস্তেদের অপেক্ষা করতে হয়েছে ৪০ মিনিটের বেশি। আরও একটি ম্যাচ ১২০ মিনিটে নিয়ে জিতেছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি এই জয়কে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন। দলের অর্জন নিয়ে সন্তুষ্ট তিনি। বিশ্বকাপের সেমিফাইনালে আরও একবার ওঠায় স্বস্তি ঝরেছে তার কণ্ঠে।
স্কালোনি বলেন, ‘এই দল যা অর্জন করেছে তা ঐতিহাসিক। আমরা আরও ভালো খেলতে পারতাম, আমাদের কষ্ট করতে হয়েছে। দিনশেষে আরও একবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারা অবশ্যই ঐতিহাসিক অর্জন।’
স্কালোনি স্বীকার করেছেন, সুইজারল্যান্ড তাদের ভুগিয়েছে। লড়াই যে কঠিন হয়েছে, তা অকপটে বলার পাশাপাশি জানিয়েছেন, নিজেদের উন্নতির জায়গা রয়েছে।
আর্জেন্টিনা কোচ বলেন, ‘আজ আমরা অনেক ভুগেছি। তারা (সুইজারল্যান্ড) শারীরিকভাবে অনেক শক্তিশালী। তারা আমাদের বিপদে ফেলেছিল, কিছু পরিস্থিতি থেকে আমরা বের হতে পারিনি। ভাগ্য আমাদের পক্ষে ছিল। কারণ তাদের একজন খেলোয়াড় লাল কার্ড দেখেছিল, আর সেখান থেকেই দল আক্রমণে ওঠে। বাস্তবতা মেনে নিতে হবে, আমাদের উন্নতির জায়গা আছে। তবে জিততে পারা সবসময় ভালো।’
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ রোববার (১২ জুলাই) সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। সেমিফাইনালে তাদের জন্য অপেক্ষা করছে নরওয়েকে হারানো ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্ক