আর্জেন্টিনা নাকি সুইজারল্যান্ড, কারা জিতবে? জানাল সুপারকম্পিউটার
বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা যেন এবার এক রহস্যময় গল্পের নাম। প্রতিটি ম্যাচেই তারা নতুন নতুন নাটক উপহার দিচ্ছে। কখনও অতিরিক্ত সময়ের লড়াই, আবার কখনও দুই গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প—লিওনেল স্কালোনির শিষ্যরা প্রতিটি ম্যাচেই সমর্থকদের হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। এবার কানসাসের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইউরোপের দেশ সুইজারল্যান্ড।
রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাসে মুখোমুখি হবে আর্জেন্টিনা আর সুইজারল্যান্ড।
শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে ৩-২ গোলের শ্বাসরুদ্ধকর জয় পাওয়ার পর আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের প্রাণভোমড়া লিওনেল মেসি আছেন নিজের সেরা ছন্দে। আট গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবার চেয়ে এগিয়ে তিনি। কোয়ার্টার ফাইনালের এই লড়াইয়ে মেসিই যে আর্জেন্টিনার মূল চালিকাশক্তি, তা বলাই বাহুল্য।
অন্যদিকে, এবারের বিশ্বকাপে সুইজারল্যান্ড একটি বিস্ময়ের নাম। বাছাইপর্ব থেকে শুরু করে মূল আসর পর্যন্ত টানা ১১টি ম্যাচে তারা প্রতিপক্ষের কাছে কখনোই পিছিয়ে পড়েনি। শেষ ষোলোতে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটে মুরাত ইয়াকিনের দল প্রমাণ করেছে যে, তারা যেকোনো দলকে চাপে ফেলার ক্ষমতা রাখে।
তবে মাঠের লড়াইয়ের আগে হিসাব-নিকাশে এগিয়ে আছে আর্জেন্টিনা। দুই দলের এই ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে এবারের বিশ্বকাপের আলোচিত অপ্টা সুপারকম্পিউটার। সেখানে অবশ্য আর্জেন্টিনাকেই এগিয়ে রেখেছে তারা।
অপ্টা সুপারকম্পিউটার তথ্য অনুযায়ী, এ ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৫৭.৭ শতাংশ। বিপরীতে, সুইজারল্যান্ডের জয়ের সম্ভাবনা মাত্র ১৮ শতাংশ। এছাড়া ম্যাচটি ড্রয়ে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে যাওয়ার সম্ভাবনা ২৪.৩ শতাংশ। তবে সামগ্রিকভাবে আবার আর্জেন্টিনার সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৭০.৫ শতাংশ। বিপরীতে, সুইজারল্যান্ডের সম্ভাবনা ২৯.৫ শতাংশ।
মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে এগিয়ে আছে আর্জেন্টিনা। এর আগে ৭বার মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে শতভাগ জয় আর্জেন্টিনার। ৭বারের দেখায় আলবিসেলেস্তেরা জিতেছে পাঁচবার আর দুটি ম্যাচ ড্র হয়েছে।
তবে পরিসংখ্যান বা কম্পিউটার যাই বলুক না কেন, নকআউটের এই লড়াইয়ে মাঠে যারা সেরাটা দেবে, শেষ হাসি তাদেরই হবে।

স্পোর্টস ডেস্ক