বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে এবার চমক দেখানো কেপ ভার্দে
কাগজে-কলমে এগিয়ে আর্জেন্টিনা। তবে শক্ত রক্ষণভাগ নিয়ে লড়াইয়ে নামা কেপ ভার্দে যে চমক দেখাতে পারে, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়ায় উপায় নেই। কারণ ইতোমধ্যে গ্রুপ স্টেজের ম্যাচ গুলোতে তারা তা প্রমাণ করেছে। ফলে শেষ ৩২- এর এই ম্যাচে জমজমাট একটি লড়াই দেখা যেতে পারে।
শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪ টায় মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করা আর্জেন্টিনা টানা তিন ম্যাচ অপরাজিত থেকেই নকআউটে উঠেছে। সর্বশেষ কয়েক বছর ধরেই বড় টুর্নামেন্টে ধারাবাহিক সাফল্য পাওয়া লিওনেল স্কালোনির দলকে এই ম্যাচে স্পষ্ট ফেভারিট ধরা হচ্ছে।
ফেভারিট হওয়ার পেছনে রয়েছে কয়েকটি বড় কারণ। প্রথমত, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে অভিজ্ঞতায় অনেক এগিয়ে আর্জেন্টিনা। দ্বিতীয়ত, দলে রয়েছেন লিওনেল মেসির মতো ম্যাচ উইনার, যিনি এবারের আসরে ইতোমধ্যেই ৬ গোল করে দলের আক্রমণের প্রধান ভরসা হয়ে উঠেছেন। তৃতীয়ত, মিডফিল্ড থেকে আক্রমণ পর্যন্ত প্রতিটি পজিশনে রয়েছে ভারসাম্য ও গভীরতা।
অন্যদিকে, কেপ ভার্দে এই বিশ্বকাপের নতুন দল হলেও ইতোমধ্যেই নজর কেড়েছে তাদের পারফরম্যান্স দিয়ে। তিন ম্যাচে দুইটি ক্লিন শিট রেখে শক্ত রক্ষণভাগের প্রমাণ দিয়েছে তারা। স্পেনের মতো দলকে আটকে দেওয়া এবং উরুগুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।
তবে গোল করার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে কেপ ভার্দে। আর সেই জায়গাতেই এগিয়ে আর্জেন্টিনা। যেখানে মেসির পাশাপাশি লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ আক্রমণে বাড়তি শক্তি যোগ করছেন।
দুই দলের সম্ভাব্য সম্ভাব্য একাদশ
আর্জেন্টিনা: এমিলিয়ানো মার্টিনেজ, মোলিনা, রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, মেডিনা, ডি পল, ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, আলমাদা, মেসি, লাউতারো মার্টিনেজ।
কেপ ভার্দে: ভোজিনহা, মোরেইরা, পিকো, দিনেই, সিডনি কাবরাল, লেনিনি, রায়ান মেন্দেস, দুয়ার্তে, মন্টেইরো, জোভানে কাবরাল, লিভরামেন্টো।

স্পোর্টস ডেস্ক