রোনালদো প্রথম একাদশে থাকবেন?
গ্রুপ পর্ব পেরিয়ে এবার নকআউটের মঞ্চে পর্তুগাল। শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে তারা। টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ। ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনা অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে। পর্তুগিজ মহাতারকা শুরুর একাদশে থাকবেন কি না, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন তিনি। শুধু তাই নয়, তিনটি ম্যাচে পুরো ২৭০ মিনিট খেলেছেন। তাই ক্রোয়েশিয়ার বিপক্ষেও আক্রমণভাগের নেতৃত্ব তার হাতেই থাকবে বলে ধারণা করা হচ্ছে। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি গোল করেছেন ৪১ বছর বয়সী এই তারকা। দুটি গোলই এসেছে উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের ৫-০ গোলে পাওয়া জয়ের ম্যাচে।
রোনালদোর ক্যারিয়ারের এটি ষষ্ঠ বিশ্বকাপ। এই কীর্তিতে তিনি লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার রেকর্ড গড়েছেন। আরও একটি অনন্য অর্জন রয়েছে তার নামের পাশে। বিশ্বকাপে অংশ নেওয়া ছয়টি আসরেই গোল করেছেন একমাত্র রোনালদোই।
বিশ্বকাপে এখন পর্যন্ত ২৫টি ম্যাচ খেলেছেন রোনালদো। করেছেন ১০ গোল, সঙ্গে রয়েছে দুটি অ্যাসিস্ট। ক্লাব ফুটবল থেকে শুরু করে জাতীয় দলের হয়ে প্রায় সব বড় শিরোপাই জিতেছেন তিনি। তবে, বিশ্বকাপ ট্রফি এখনও অধরা। সেই স্বপ্ন পূরণের পথ ধরে আরেক ধাপ এগিয়ে যেতে এবার ক্রোয়েশিয়ার বাধা পেরোতে হবে রোনালদো ও পর্তুগালকে।

স্পোর্টস ডেস্ক