কঙ্গোর চমক, ইংল্যান্ডকে দুশ্চিন্তায় রেখে গেল বিরতিতে
সব আলোচনা আর কাগজ-কলমের হিসাবকে ভুল প্রমাণ করে ম্যাচের শুরুতেই ইংল্যান্ডের জালে বল জড়িয়ে দিল কঙ্গো। গোল হজম করে মরিয়া হয়ে ওঠে ইংল্যান্ড। তবে কঙ্গোর ডিফেন্স আর গোলরক্ষকের বাধা টপকাতে পারেনি তারা। আফ্রিকার দলটির গোলরক্ষক যেনো ওয়ান ম্যান আর্মি হয়ে দাঁড়ান গোলবারের নিচে। অবশ্য কঙ্গোও আরও কয়েকবার করল আক্রমণ চালিয়েছে। তবে কোনো দলই গোল আদায় করতে পারেনি। ফলে এগিয়ে থকেই বিরতিতে গেছে কঙ্গো।
আজ বুধবার (১ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় শেষ ৩২- এর ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড আর কঙ্গো। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে কঙ্গো।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে কঙ্গো। ইংল্যান্ডের রক্ষণভাগে চাপ তৈরি করে দ্রুতই গোলের দেখা পায় তারা। ম্যাচের সপ্তম মিনিটে ডান প্রান্ত দিয়ে আক্রমণ গড়ে তোলে কঙ্গো। মিডফিল্ড থেকে বল পেয়ে এগিয়ে যান নোয়া সাদিকি।
সেখান থেকে ডানদিকে থাকা নাথানায়েল এমবুকুকে পাস দেন তিনি। এমবুকু বক্সের ভেতরে নিচু ক্রস দেন। সেই বল ইংল্যান্ডের ডিফেন্ডারদের পেছনে ফাঁকা জায়গায় পেয়ে যান ব্রায়ান সিপেঙ্গা। কাছ থেকে ডান পায়ে জোড়াল শট নিয়ে জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন এই ফরোয়ার্ড।
গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে ইংল্যান্ড। মিডফিল্ডে ডেকলান রাইস ও জুড বেলিংহ্যামের পাসিংয়ে ধীরে ধীরে খেলার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে তারা। বল দখলে কিছুটা এগিয়েও থাকলেও আক্রমণের শেষভাগে ছিল অগোছালো। বারবার আটকে যাচ্ছিল কঙ্গোর রক্ষণে।
ম্যাচের ১৯তম মিনিটে বাম দিক দিয়ে আক্রমণে ওঠেন মার্কাস র্যাশফোর্ড। তার ক্রস থেকে বেলিংহ্যাম হেড নিলেও লক্ষ্যভ্রষ্ট হয়। কিছুক্ষণ পর হ্যারি কেইনকে খুঁজে লং পাস দেন রাইস, তবে কঙ্গোর ডিফেন্ডার চ্যান্সেল মবেম্বা তা ক্লিয়ার করেন।
প্রথমার্ধের মাঝামাঝি সময়ে আরও একটি ভালো সুযোগ পায় ইংল্যান্ড। ডান দিক দিয়ে ননি মাদুয়েকের কাটব্যাক থেকে শট নেন র্যাশফোর্ড, কিন্তু তা গোললাইন থেকে রক্ষা করেন কঙ্গোর রক্ষণভাগ।
অন্যদিকে, কঙ্গো ছিল কাউন্টার অ্যাটাকে বিপজ্জনক। ইয়োয়ানে উইসা ও সিপেঙ্গাকে সামনে রেখে দ্রুত আক্রমণে উঠে বারবার চাপ তৈরি করে তারা। ইংল্যান্ডের রক্ষণভাগকে কয়েকবার অপ্রস্তুত অবস্থায় ফেলে দেয় আফ্রিকান দলটি।
হাফটাইমে স্কোরলাইন ১-০। এখন দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে হলে আক্রমণে আরও ধার বাড়াতে হবে ইংল্যান্ডকে, আর লিড ধরে রাখতে চাইবে কঙ্গো

স্পোর্টস ডেস্ক