জার্মানিকে বিপদে ফেলে বিরতিতে গেল প্যারাগুয়ে
শক্তি-সামর্থে জামার্নির চেয়ে অনেক পিছিয়ে প্যারাগুয়ে। অতীত ইতিহাসও তাদের পক্ষে নয়। মাঠের খেলায়ও আধিপত্য দেখাল জার্মানি। বল দখলে রেখে একের পর এক প্যারাগুয়ের রক্ষণে ভীতি ছড়িয়েছে জুলিয়ান নাগেলসম্যানের দল। বিপরীতে, রক্ষণ সামলে প্রতিআক্রমণে ওঠে নিজেদের উপস্থিতি জানান দিয়েছে প্যারাগুয়েও। সেই সুযোগ কাজে লাগিয়েই জার্মানদের স্তব্ধ করে এগিয়ে থেকে বিরতিতে গেছে প্যারাগুয়ে।
মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় রাত আড়াইটায় যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে শেষ ৩২- এর ম্যাচে মুখোমুখি হয়েছে জার্মানি আর প্যারাগুয়ে। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে প্যারাগুয়ে।
ম্যাচে জার্মানি কতটা আধিপত্য করেছে তার প্রমাণ মেলে পরিসংখ্যানে। প্রথমার্ধে ৭৫ শতাংশ বল দখলে রেখে গোলের ৫টি শট নেয় জার্মানি। অবশ্য লক্ষ্যে রাখতে পেরেছে মোটে একটি। বিপরীতে, ২৫ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ৩টি শট নেয় প্যারাগুয়ে। যার মধ্যে লক্ষ্যে ছিল ২টি।
ম্যাচের তৃতীয় মিনিটেই কর্ণার থেকে গোলের সুযোগ পেয়েছিল প্যারাগুয়ে। তবে কর্ণার থেকে পাওয়া বলে ঠিকঠাক মতো শট নিতে পারেননি জুনিয়র আলোনসো। ষষ্ঠ মিনিটে সুযোগ পেয়েছিল জার্মানিও। ডি-বক্সের মধ্যে ঢুকে জায়গা তৈরি করে নিয়ে দেনিজ উন্দাভের উদ্দেশ্যে পাস বাড়িয়েছিলেন কাই হাভার্টজ। সেই পাস ধরে প্রথম স্পর্শেই শট নেন উন্দাভ, কিন্তু তার স্লাইস শটটি দূর পোস্টের পাশ দিয়ে মাঠের বাইরে চলে যায়।
ম্যাচের ২৯তম মিনিটে তালগোল পাকিয়ে বসেছিল প্যারাগুয়ে। ডানপ্রান্ত দিয়ে আক্রমণে উঠে বক্সের মধ্যে শট নিতে যাচ্ছিল জার্মানি। গোলরক্ষক উঠে আসায় গোলবারও ফাঁকাই ছিল। কিন্তু এর আগেই অফসাইডের পতাকা তুলেন লাইন্সম্যান।
এরপর ৩২তম মিনিটে আরও একবার প্যারাগুয়ের রক্ষণে ভীতি ছড়ায় জার্মানি। পেনাল্টি এড়িয়ায় দারুণ একটি থ্রু-পাস বাড়িয়েছিল জার্মান ফরোয়ার্ড। কাই হাভার্টজ বের হলেও বল নিয়ন্ত্রনে নেওয়ার আগেই সেটি ক্লিয়ার হয়ে যায়।
খেলার বিপরীতে গিয়ে ম্যাচের ৪২তম মিনিটে প্রতিআক্রমণ থেকে এগিয়ে যায় প্যারাগুয়ে। কর্ণার থেকে গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের ফিরিয়ে দেওয়া বলের নিয়ন্ত্রণ পেয়ে যায় প্যারাগুয়ে। সেখান থেকেই আক্রমণের সূচনা করে তারা। ডি-বক্সের মধ্যে ক্রস বড়ান গুস্তাভো গোমেজ। সেখান থেকে দারুণ হেডে বল জালে জড়ান হুলিও এনসিসো। উল্লাসে মেতে ওঠে প্যারাগুয়ে শিবির।
গোল হজম করে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে জার্মানি। একের পর এক প্যারাগুয়ের রক্ষণে আক্রমণ শানায় তারা। তবে জালের দেখা আর পায়নি জার্মানরা। ফলে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে গেছে প্যারাগুয়ে।

স্পোর্টস ডেস্ক