অর্ধশতাব্দীর বেশি অপেক্ষার পর বিশ্বকাপে হাইতির গোল
অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। শতাব্দীর হিসেবে প্রায় অর্ধশতাব্দী আর দিনের হিসেবে ১৯ হাজার দিন পর বিশ্বকাপে গোলের দেখা পেল হাইতি। মরক্কোর বিপক্ষে ম্যাচের দশম মিনিটে লেনি জোসেফের পা থেকে আসে এই গোল। যা শেষ করে দেয় ৫২ বছরের দীর্ঘ প্রতীক্ষা।
১৯৭৪ সালে প্রথমবার বিশ্বকাপে খেলেছিল হাইতি। কিন্তু ইতালি, পোল্যান্ডের বিপক্ষে গোল করতে পারেনি তারা। সেবার আর্জেন্টিনার বিপক্ষে একটি গোল করেছিল হাইতি। যদিও সেই ম্যাচটি তারা হেরেছিল ৪-১ গোলের ব্যবধানে। এরপর দীর্ঘ বিরতির পর ২০২৬ বিশ্বকাপে ফিরে গোলের আনন্দে মাতল ক্যারিবীয় দেশটি।
পাঁচ দশকের বেশি সময় ধরে যে মুহূর্তের অপেক্ষায় ছিল হাইতি। সেটিই এনে দেন লেনি জোসেফ। গোলের পর উচ্ছ্বাসে ভেসে যাওয়া দৃশ্য ছিল সেই প্রতীক্ষারই প্রতিফলন।
হাইতির হয়ে বিশ্বকাপে এর আগে গোল করেছিলেন শুধু ইমানুয়েল স্যানন। ১৯৭৪ সালের আসরে আর্জেন্টিনার বিপক্ষে তার করা গোল আজও দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম গৌরবময় স্মৃতি। সেই ধারাবাহিকতায় এবার নতুন নায়ক হয়ে উঠলেন লেনি জোসেফ।
যদিও টুর্নামেন্টে তাদের পথচলা আগেই থেমে গিয়েছিল। তবু মরক্কোর বিপক্ষে পাওয়া এই গোল হাইতির বিশ্বকাপ ইতিহাসে বিশেষ স্থান করে নেবে। কারণ এই রাতে ফলাফলের চেয়ে বড় হয়ে উঠেছিল ইতিহাস।

স্পোর্টস ডেস্ক