জমজমাট লড়াই শেষে গোলশূন্য সমতায় ক্রোয়েশিয়া-পানামার প্রথমার্ধ
আক্রমণ-প্রতিআক্রমণে জমে উঠল ম্যাচ। দুই দলই চেষ্টা করছিল বল দখলে রেখে আক্রমণ সাজানোর। তবে নিশ্চিত সুযোগ তৈরি করতে পারছিল না কোনো দলই। একবার সুযোগ পেলেও গোলবারের বাঁধায় কপাল পুড়ে পানামার। এর বাইরে মাঝ মাঠেই থেমেছে দুই দলের আক্রমণ।
আজ বুধবার (২৪ জুন) বাংলাদেশ সময় বোর ৫টায় কানাডার টরন্টোতে ‘এল’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে ক্রোয়েশিয়া আর পানামা। জমজমাট লড়াই শেষে গোলশূন্য ড্রয়ে শেষ হয় প্রথমার্ধ।
শুরুতে বল দখলের লড়াইয়ে দুই দল প্রায় সমান আধিপত্য দেখালেও সময়ের সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ নেয় ক্রোয়েশিয়া। এই অর্ধে ৬৪ শতাংশ বল দখলে রাখে ক্রোয়াটরা। তবে গোলের জন্য মোটে একটি শট নিতে পারে তারা, সেটিও লক্ষ্যে ছিল না। বিপরীতে, ৩৬ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য দুটি শট নিয়ে একটি লক্ষ্যে রাখে পানামা।
ম্যাচের ১৮তম মিনিটে গোলের সবচেয়ে কাছে গিয়েছিল পানামা। ছয় গজ বক্সের মধ্যে থেকে হেড দিয়েছিলেন হোসে ফাহার্দো। লাফিয়ে উঠে গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ কোনোমতে বল স্পর্শ করে বলের লাইন পরিবর্তন করে দেন। তারপরও সেটি বিপদ মুক্ত হয়নি। তবে পানামার কপাল পুড়ে গোলবারে লেগে বলটি ফিরে আসায়।
ম্যাচের ৩৭তম মিনিটে আরেকটি আক্রমণ তৈরি করেছিল পানামা। তবে বক্সের মধ্যে উড়ে আসা বলে মাথা ছোঁয়ানোর কেউ ছিল না। সেই আক্রমণ থেকে গড়ে তোলা দ্বিতীয় আক্রমণটিও রুখে দেয় ক্রোয়েশিয়া।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোলের সেরা সুযোগ তৈরি করেছিল ক্রোয়েশিয়া। ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠে বক্সের বাইরে থেকে দারুণ শট নিয়েছিলেন মার্টিন বাটুরিনা। ঝাপিয়ে পড়ে সেটি কর্ণারের বিনিময়ে আটকে দেন গোলরক্ষক অরল্যান্ডো মোসকেরা।

স্পোর্টস ডেস্ক