যে দুঃস্বপ্ন আগে দেখেনি অস্ট্রেলিয়া, তা দেখাল বাংলাদেশ
টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক জস ইংলিস। জানিয়েছিলেন, তারা প্রতিটি ম্যাচে উন্নতি করতে চান। কিন্তু, ব্যাটিংয়ে নামার পর সুযোগ থাকলে হয়তো সিদ্ধান্ত বদলাতেন তিনি। ২ ওভার শেষে স্কোরবোর্ডে অসিদের কোনো রান নেই। সেটি না থাকতেই পারে। তবে, সঙ্গে ছিল না তিন উইকেটও।
অস্ট্রেলিয়ার সমৃদ্ধ ক্রিকেট ইতিহাসে এর আগে কখনও এমনটি হয়নি। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (১১ জুন) সেটিই হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটেই তিনবার এমন ঘটনা ঘটেছিল, যেখানে রানের খাতা খোলার আগে ব্যাটিং দল হারিয়েছে তিন উইকেট। এর একটি বাংলাদেশের সঙ্গে ঘটেছিল, ২০০৩ বিশ্বকাপে। সেই ঘটনার ২৩ বছর পর ফের বিশ্ব এমন কিছু দেখল। কাকতালীয়ভাবে, এবারও জড়িয়ে বাংলাদেশের নাম। তবে, এবার গর্বের জায়গায় লাল-সবুজের প্রতিনিধিরা।
বাকি দুবার এমন লজ্জায় পড়েছিল পাকিস্তান। প্রথমবার নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯৮৩ সালে, পরেরবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯৯৭ সালে।
প্রথম ওয়ানডেতে প্রথম বলেই অস্ট্রেলিয়া উইকেট হারিয়েছিল প্রথম বলেই। তাসকিন আহমেদের বলে বোল্ড হওয়া ম্যাথু শর্ট এবার টিকলেন চার বল। তবে, শূন্য রানে বোল্ড হওয়া ঠেকাতে পারেননি। রানের খাতার খোলার আগেই সাজঘরে ফেরেন এই ওপেনার।
দ্বিতীয় ওভারে আক্রমণে এসে প্রথম বলেই উইকেট শিকার মুস্তাফিজুর রহমানের। উইকেটের পেছনে লিটন দাসের তালুবন্দি হন কুপার কনোলি। ওভারে শেষ বলে ফের ফিজের আঘাত। ম্যাট রেনশো এবার লিটনের কাছে ক্যাচ দিলেন।
২ ওভার শেষে স্কোরলাইন ছিল— শুন্য রান, তিন উইকেট। দুটোই মেডেন।

স্পোর্টস ডেস্ক