একাদশে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিরিজ জয় নিশ্চিত হয়েছে আগেই। বাংলাদেশের জন্য আজ রোববারের (১৪ জুন) ম্যাচটি ইতিহাসকে আরও সমৃদ্ধ করার সুযোগ নিয়ে এসেছে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে জিতলে নতুন এক ইতিহাস গড়বে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের উল্লাসে মাতবে স্বাগতিকরা।
এমন ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। চোটের কারণে দলে নেই ওয়ানডের নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আজ বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।
একাদশে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। মিরাজের পরিবর্তে সুযোগ পেয়েছেন স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী। বিশ্রাম দেওয়া হয়েছে নাহিদ রানাকে। পেস ইউনিটে যুক্ত হয়েছেন শরীফুল ইসলাম।
মিরপুরে প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়াকে যথাক্রমে বৃষ্টি আইনে ৮৬ রান ও ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে এবারই প্রথম অসিদের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক