‘শিরোপার দৌড়ে স্পেনকেই এগিয়ে রাখছি’
দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের পর্দা উঠছে আজ। চার বছর পরপর আয়োজিত এই মহাযজ্ঞ ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। বিশ্বের সেরা দল আর তারকা খেলোয়াড়দের লড়াই দেখতে মুখিয়ে আছেন কোটি কোটি সমর্থক। ব্যতিক্রম নন দেশের অন্যতম সেরা নারী শুটার কামরুন নাহার কলিও। বিশ্বকাপের উত্তেজনা, প্রিয় দল, পছন্দের খেলোয়াড় এবং সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মনিরুল ইসলাম।
এনটিভি অনলাইন : বিশ্বকাপ ঘিরে আপনার অনুভূতি কেমন?
কলি : বিশ্বকাপ ফুটবলপ্রেমীদের জন্য সবসময়ই বিশেষ একটি উৎসব। চার বছর অপেক্ষার পর বিশ্বের সেরা দল ও সেরা খেলোয়াড়দের একসঙ্গে মাঠে দেখা যায়। তাই এবারের বিশ্বকাপ নিয়েও আমি ভীষণ উচ্ছ্বসিত। আশা করছি, দারুণ কিছু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করতে পারব।
এনটিভি অনলাইন : আপনি সাধারণত বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন এবং কেন?
কলি: আমি সবসময় পর্তুগালকে সমর্থন করি। এর প্রধান কারণ ক্রিস্টিয়ানো রোনালদো। ছোটবেলা থেকেই তার পরিশ্রম, শৃঙ্খলা আর জয়ের জন্য লড়ে যাওয়ার মানসিকতা আমাকে মুগ্ধ করে। তিনি যেভাবে নিজেকে এত বছর ধরে সেরাদের কাতারে ধরে রেখেছেন, সেটা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তাই বিশ্বকাপে পর্তুগালের প্রতি আমার আলাদা সমর্থন থাকে।
এনটিভি অনলাইন : এবারের বিশ্বকাপে কোন দলগুলোকে সবচেয়ে শক্তিশালী মনে হচ্ছে?
কলি: আমার মতে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও আর্জেন্টিনা শিরোপার দৌড়ে এগিয়ে থাকবে। দলগুলোর স্কোয়াড বেশ ভারসাম্যপূর্ণ এবং সাম্প্রতিক সময়েও তারা ধারাবাহিক ভালো ফুটবল খেলছে। বড় আসরে অভিজ্ঞতা ও প্রতিভার সমন্বয় তাদের আরও শক্তিশালী করে তুলেছে।
এনটিভি অনলাইন : কোন খেলোয়াড়ের দিকে আপনার বিশেষ নজর থাকবে?
কলি: আমার নজর থাকবে রোনালদো, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, লামিনে ইয়ামাল ও আর্লিং হলান্ডের দিকে। তারা সবাই অসাধারণ মানের খেলোয়াড় এবং বড় মঞ্চে নিজেদের সেরাটা দিতে জানে। যেকোনো মুহূর্তে তারা ম্যাচের ফলাফল বদলে দিতে পারে।
এনটিভি অনলাইন : আপনার মতে, এবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা কোন দলের?
কলি: বর্তমান পারফরম্যান্স বিবেচনায় আমি স্পেনকেই একটু এগিয়ে রাখব। দলটি দারুণ ছন্দে আছে এবং তাদের খেলায় ভালো সমন্বয় দেখা যাচ্ছে। তবে ফ্রান্স ও আর্জেন্টিনাও খুব শক্তিশালী দল। তাই শেষ পর্যন্ত শিরোপার লড়াইটা বেশ জমজমাট হবে বলেই আমি মনে করি।

ক্রীড়া প্রতিবেদক