ফিফা ও ইনফান্তিনোর বিরুদ্ধে মামলা
বিশ্বকাপ ফুটবল শুরুর ঠিক আগমুহূর্তে বড় ধরনের আইনি জটিলতার মুখে পড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ফিফার বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা করেছেন ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার মিশেল প্লাতিনি।
প্যারিসে দায়ের করা এই মামলায় প্লাতিনি তার ওপর হওয়া অন্যায়ের জন্য আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছেন। তিনি অভিযোগ করেছেন, ফিফার কিছু কৌশলী পদক্ষেপের কারণেই তিনি ফিফার সভাপতি নির্বাচনে অংশ নিতে পারেননি।
প্লাতিনি ফৌজদারি অভিযোগে ইনফান্তিনোসহ ফিফার সাবেক কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অসৎ উদ্দেশ্য ও প্রভাব বিস্তারের অভিযোগ এনেছেন।
এই আইনি লড়াইয়ের প্রেক্ষাপট তৈরি হয় ২০১৫ সালের দিকে। সে সময় ফিফার পক্ষ থেকে প্লাতিনিকে ব্লাটারের দেওয়া ২০ লাখ সুইস ফ্রাঁ (প্রায় ২৫ লাখ ১০ হাজার মার্কিন ডলার) অর্থপ্রদান নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। এই ঘটনার পর নিষেধাজ্ঞার কারণে প্লাতিনিকে ফুটবল প্রশাসন থেকে সরে যেতে হয়েছিল। যার ফলে উয়েফার সাবেক মহাসচিব জিয়ান্নি ইনফান্তিনোর সামনে ফিফা সভাপতি হওয়ার পথ প্রশস্ত হয়।
দীর্ঘদিন ধরে চলা আইনি লড়াইয়ের পর ২০২৫ সালে সুইস ফেডারেল ফৌজদারি আপিল আদালত প্লাতিনি ও সেফ ব্লাটারকে যাবতীয় জালিয়াতি ও প্রতারণার অভিযোগ থেকে পুরোপুরি খালাস দেয়। আদালত থেকে খালাস পাওয়ার পর ৭০ বছর বয়সী এই কিংবদন্তি দাবি করেন, তাকে ফিফার সভাপতি হতে না দেওয়ার জন্য পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছিল।
যদিও এখন বয়স বেড়ে যাওয়ায় ফুটবলে আর ফিরতে আগ্রহী নন প্লাতিনি, তবুও তিনি তার ওপর হওয়া অবিচারের বিচার চেয়েছেন। তিনি ফরাসি তদন্তকারীদের অনুরোধ করেছেন যেন ফিফা কর্মকর্তাদের কর্মকাণ্ড এবং অতীতের তদন্তে কোনো অনিয়ম ছিল কি না, তা খতিয়ে দেখা হয়।

স্পোর্টস ডেস্ক