চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইতিহাস গড়ার আশা আর্সেনাল কোচের
প্রিমিয়ার লিগ জয়ের ঘোর এখনও কাটেনি আর্সেনালের। সামনে অপেক্ষায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। আর্সেনাল কোচ মিকেল আর্তেতা তার খেলোয়াড়দের নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। ইতিহাস গড়ার চ্যালেঞ্জ। এবার তার লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জয়।
মৌসুমের শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর আবেগঘন পরিবেশে প্রিমিয়ার লিগ ট্রফি হাতে পায় আর্সেনাল। ট্রফি হাতে পাওয়ার মুহূর্তটা আর্তেতা ও তার দলের জন্য ছিল বিশেষ কিছু। এরপর ‘চ্যাম্পিয়ন ২৬’লেখা গানার্স জার্সি পরে সংবাদ সম্মেলনে হাজির হন আর্তেতা।
আর্তেতা সাংবাদিকদের বলেন, “এটাকে ভাষায় প্রকাশ করা খুব কঠিন। কী অসাধারণ একটা মুহূর্ত। অনেক আবেগ, অনেক আনন্দ, গর্ব। আমরা যেভাবে এটা অর্জন করেছি, তা খেলোয়াড়দের অনুভূতির প্রতিফলন এবং এ কারণেই এই জাদুকরি ঘটনা সম্ভব হয়েছে। আমি আনন্দিত এবং স্বস্তি অনুভব করছি। এই যাত্রায় আমরা বিশাল কিছু পদক্ষেপ নিয়েছি। আমরা অনেক মূল্যবান কিছু অর্জন করেছি।”
ভীষণ উচ্চাকাঙ্খী আর্তেতা এখানেই থেমে থাকতে রাজি নন। এবার তার চোখ চ্যাম্পিয়ন্স লিগে। আর্সেনালকে ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে চান তিনি।
আর্তেতা বলেন, “আমাদের এই শক্তির প্রবাহ বজায় রাখতে হবে, আর এর বিরুদ্ধে যাওয়া হবে বড় ভুল। আমরা ইতোমধ্যে বুদাপেস্টে কী করতে হবে তা নিয়ে কথা বলেছি, কীভাবে আমরা সবার ভেতরে থাকা এই অসাধারণ শক্তিকে ফাইনালের জন্য কাজে লাগাব। আমরা আমাদের ক্লাবের ইতিহাসে নতুন অধ্যায় লিখতে এবং চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিততে আর অপেক্ষা করতে পারছি না।”
আগামী ৩০ মে বুদাপেস্টে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে ফাইনালে খেলবে আর্সেনাল। ২০০৬ সালে বার্সেলোনার কাছে হারের পর এটি হবে গানারদের দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল।

স্পোর্টস ডেস্ক