বিশ্বকাপের আগে মেসিকে ঘিরে দুঃসংবাদের শঙ্কা
বিশ্বকাপের বাকি আর ১৭ দিন। শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে দলগুলো। ক্লাব মৌসুম প্রায় শেষ। লিওনেল মেসিই যেমন আজ সোমবার (২৫ মে) ইন্টার মায়ামির হয়ে মৌসুমের শেষ মেজর লিগ সকারের ম্যাচটি খেললেন। তিনি অবশ্য মাঠ ছেড়েছেন মলিন মুখে। মাঠ ছাড়ার সময় তাকে দেখা যায় ঊরুর পেছনে অংশ চেপে ধরতে।
এতেই ভক্তদের মনে ভয় জেঁকে বসে। ৩৮ বছর বয়সী মেসি বেশ কয়েক বছর ধরেই চোটে ভুগছেন। বিশ্বকাপ ঘনিয়ে আসায় শঙ্কা আরও বেশি। তবে, খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই। তার চোট গুরুতর নয় বলে জানিয়েছেন আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস-এর সাংবাদিক গাস্তন এদুল
গাস্তন এদুল জানিয়েছেন, মেসি নিজেই সতর্কতা হিসেবে মাঠ থেকে উঠে যাওয়ার অনুরোধ করেছিলেন। সেই সময় তিনি হ্যামস্ট্রিংয়ে হালকা টান অনুভব করছিলেন। কোনো নির্দিষ্ট আঘাত ধরা না পড়লেও মেসি কোনো ঝুঁকি নিতে রাজি হননি।
মেসির শারীরিক অবস্থা সম্পর্কে নিয়ে মায়ামির কোচ বলেন, ‘আমি যতদূর জানি, আমরা এখনও মেডিকেল রিপোর্ট পাইনি। আমরা দ্রুতই সেটি হাতে পাব। মেসি আসলে ক্লান্ত। এটা অবশ্যই ক্লান্তির ফল। মাঠ ছিল ভারী এবং সন্দেহ যখন ওঠে, তখন কোনো ঝুঁকি না নেওয়াই সাধারণ পন্থা।’
এদিকে, ঘরের মাঠ নু স্টেডিয়ামে আজ ফিলাডেলফিয়ার বিপক্ষে ৬-৪ গোলে জিতেছে ইন্টার মায়ামি। ৭৩ মিনিটে মাঠ ছাড়ার আগে গোল না পেলেও দুটি অ্যাসিস্ট করেন মেসি।

স্পোর্টস ডেস্ক