তামিমের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তাইজুল
দেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য স্পিনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তাইজুল ইসলাম। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ড্রেসিংরুমের সম্পর্ক ও অভিজ্ঞতা নিয়েও বাঁহতি এই স্পিনার বরাবরই খোলামেলা।
সম্প্রতি দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবালকে নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন এই বাঁহাতি স্পিনার। দুজনের সম্পর্ক কেমন, জানিয়েছেন সেটিও।
তাইজুলের মতে তামিম শুধু সফল ব্যাটারই নন, একজন কার্যকর নেতৃত্বগুণসম্পন্ন অধিনায়কও ছিলেন। জাতীয় দল, প্রিমিয়ার লিগ এবং বিপিএলে একসঙ্গে খেলার অভিজ্ঞতা থেকে তামিমকে নিয়ে কথা বলেন এই স্পিন তারকা।
তাইজুল বলেন, ‘অবশ্যই একজন ভালো অধিনায়ক ছিলেন তিনি। প্রিমিয়ার লিগ, বিপিএল ও জাতীয় দলে তার সঙ্গে খেলার সুযোগ হয়েছে আমার। তামিম ভাই মাঠের ভেতরে সবাইকে উজ্জীবিত করতে পারতেন।’
ক্রিকেটারদের সম্পর্ক নিয়ে বাইরে নানা আলোচনা ও গুঞ্জন থাকলেও তামিমের সঙ্গে নিজের সম্পর্ক যে ভিন্ন ও দৃঢ়, সেটি স্পষ্ট করেছেন তাইজুল। তিনি মনে করেন, ব্যক্তিগত সম্পর্ক আর মাঠের ক্রিকেটকে আলাদা করে দেখা উচিত।
তাইজুল বলেন, ‘তামিম ভাইয়ের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো। এই সম্পর্ক খেলার বাইরে। যদিও মানুষ ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে খেলাকে মিলিয়ে ফেলে। তিনি আমাকে বাইরে যেভাবে ভালোবাসতেন, খেলার মাঠে সহযোগিতা করতেন বিভিন্নভাবে।’

স্পোর্টস ডেস্ক