চার বছর পর জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ, কবে-কখন খেলা?
দীর্ঘ চার বছর পর আবারও দ্বিপক্ষীয় সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী মাসে টাইগারদের স্বাগত জানাতে একটি পূর্ণাঙ্গ সিরিজের সূচি চূড়ান্ত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।
আজ শুক্রবার (২২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে। এই সফরে স্বাগতিকদের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
সর্বশেষ ২০২২ সালের জুলাই-আগস্টে জিম্বাবুয়ে সফর করেছিল বাংলাদেশ। সেবার ওয়ানডে ও টি-টোয়েন্টি— দুটি সিরিজেই হেরে ফিরতে হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিদের।
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার এই পূর্ণাঙ্গ সিরিজের খেলাগুলো অনুষ্ঠিত হবে দুটি ভেন্যুতে। আগামী ২৮ জুন হারারে স্পোর্টস ক্লাবে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি।
এর আগে ২০২৫ সালে শেষবার টেস্ট ক্রিকেটে মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার ঘরের মাঠে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবার হারের তেতো স্বাদ পেয়েছিল বাংলাদেশ। পরের ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়িয়ে ১-১ ব্যবধানে ড্র করে সিরিজ বাঁচিয়েছিল টাইগাররা।
টেস্ট ম্যাচ শেষে হারারেতেই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৬ জুলাই প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এরপর ৯ জুলাই দ্বিতীয় এবং ১১ জুলাই তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ আর জিম্বাবুয়ে।
টি-টোয়েন্টি সিরিজ খেলতে দুই দল উড়াল দেবে বুলাওয়েতে। সেখানে কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৫ জুলাই মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। একদিন বিরতি দিয়ে ১৭ জুলাই খেলবে দ্বিতীয় আর ১৯ জুলাই সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।
বাংলাদেশের এই সফর নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর গিভমোর মাকোনি বলেন, ‘বাংলাদেশের জিম্বাবুয়ে সফর নিশ্চিত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আশা করি সব ফরম্যাটেই একটি চমৎকার ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা।’
মাকোনি বলেন, ‘এই বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের দল অসাধারণ পারফরম্যান্স করেছে। এরপর ঘরের মাঠে শীর্ষ স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য এই সফরটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।’

স্পোর্টস ডেস্ক