সুন্দর সকাল কাটিয়ে লাঞ্চে বাংলাদেশ
আগের দিন বিকেলে বাংলাদেশের আশার বাতি হয়ে ছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু তৃতীয় দিনের সকালেই ফিরে গেলেন তিনি। এরপর অবশ্য কোনো বিপদ ঘটতে দেননি মুশফিকুর রহিম আর লিটন দাস। দুজন মিলে কাটিয়ে দেন প্রথম সেশনের বাকি সময়।
আজ সোমবার (১৮ মে) সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের প্রথম সেশন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২০৩ রান করেছে বাংলাদেশ। লিড নিয়েছে ২৪৯ রানের। মুশফিক অপরাজিত ৮০ বলে ৩৯ রানে আর লিটন ৬৬ বলে ৪৮ রানে।
আগের দিন শেষ বলে ফিরেছেন মুমিনুল হক। তাই আজ দিনের শুরুতেই নাজমুল হোসেন শান্তকে সঙ্গ দিতে নামেন মুশফিকুর রহিম। শান্ত অবশ্য এদিন বেশি সময় উইকেটে থাকতে পারেননি। দিনের চতুর্থ ওভারেই ফিরে যান তিনি। খুররাম শাহজাদের করা ৩১তম ওভারের চতুর্থ বলে এলবিডব্লিউয়ের শিকার হয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ফেরার আগে ৪৬ বলে ১৫ রান করেছেন।
শান্ত ফিরলে উইকেটে আসেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা লিটন দাস। অপরাজিত জুটি গড়ে প্রথম সেশন কাটিয়ে দেন এই দুজন। হাফসেঞ্চুরি ছাড়িয়ে ১৩৬ বলে ৮৮ রানের অপরাজিত জুটি মুশফিক-লিটনের। দুজন হাফসেঞ্চুরির অপেক্ষায় আছেন।
এর আগে ৭ উইকেট হাতে রেখে ১১০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। আগের দিন হাফসেঞ্চুরি করেছিলেন মাহমুদুল হাসান জয় (৬৪ বলে ৫২)।

স্পোর্টস ডেস্ক