চার উইকেট তুলে পাকিস্তানকে লাঞ্চে পাঠিয়েছে বাংলাদেশ
সকালের শুরুটাই হয়েছে দুর্দান্ত। দিনের দ্বিতীয় ওভারে বাংলাদেশকে সাফল্য এনে দেন পেসার তাসকিন আহমেদ। তাসকিন এরপর আবার আঘাত হানেন। তাকে সঙ্গ দেন মেহেদী হাসান মিরাজ। পেস আর স্পিনের কম্বিনেশনে মধ্যাহ্ন বিরতির আগে টপ অর্ডার ভেঙেছে পাকিস্তানের। দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে পাকিস্তানের সংগ্রহ ৩০ ওভারে ৪ উইকেটে ৯৬ রান। বাংলাদেশের চেয়ে এখনও ১৮২ রানে পিছিয়ে সফরকারীরা।
বিনা উইকেটে ২১ রান নিয়ে আজ রোববার (১৭ মে) দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। বেশিক্ষণ টিকতে পারেনি ওপেনিং৷ টিকতে দেননি তাসকিন৷ দিনের শুরুতে নিজের প্রথম ওভারেই তুলে নেম আব্দুল্লাহ ফজলের উইকেট।
৯ রানে উইকেটের পেছনে লিটন দাসের তালুবন্দি হন তিনি। ২২ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। আরেক ওপেনার আজান আওয়াইজকেও বিদায় করেন তাসকিন। ১৩ রান করে মুমিনুলের হাতে ক্যাচ দেন আজান।
তাসকিনের পর দৃশ্যপটে আসেন মিরাজ। প্রথমে পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে (২১) ফেরান। মিরাজের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে চতুর্থ ব্যাটার হিসেবে ফেরেন সৌদ শাকিল (৮)।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ২৭৮ রানে। জবাবে পাকিস্তান দিন শেষ করে ৬ ওভারে বিনা উইকেটে ২১ রানে।

স্পোর্টস ডেস্ক