২০৩০ বিশ্বকাপে ফেরার লক্ষ্য ১০ ঐতিহ্যবাহী দলের
২০২৬ ফুটবল বিশ্বকাপের আয়োজন শেষ। এবার লক্ষ্য বিশ্বকাপের ২৪তম আসরের দিকে অর্থাৎ ২০৩০ বিশ্বকাপের দিকে। বিশ্বকাপের শততম আসরকে ঘিরে নতুন পরিকল্পনা এখনই মাঠে নামছে প্রত্যাবর্তনের লক্ষ্যে থাকা দশটি দল। যারা একসময় বিশ্বমঞ্চে খেললেও এখন নিজেদের হারিয়ে খুঁজছে।
ইতালি
বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল ইতালি টানা তিন বিশ্বকাপে অনুপস্থিত থেকে বড় ধাক্কা খেয়েছে। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবারের বাছাইপর্বে নরওয়ের পেছনে থেকে সরাসরি কোয়ালিফাই করার সুযোগ হাতছাড়া করে। তবে এরপরও প্লে-অফে সুযোগ পেয়েছিল তারা। কিন্তু গেন্নারো গাত্তুসোর দল প্লে-অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে যায়। ফলে ২০১৪ সালের পর আর বিশ্বমঞ্চে ফেরা হয়নি আজ্জুরিদের।
ডেনমার্ক
ডেনমার্কও খুব কাছ থেকে সুযোগ হারিয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে সরাসরি বিশ্বকাপের টিকিট হাতছাড়া করে তারা। পরে প্লে-অফ ফাইনালে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ খেলার শেষ সুযোগও হারায় তারা।
পোল্যান্ড
পোল্যান্ড নয়বার বিশ্বকাপে অংশ নিয়ে দুবার তৃতীয় স্থান অর্জন করেছে। তবে এবার প্লে-অফ ফাইনালে সুইডেনের কাছে ৩-২ গোলে হেরে ছিটকে যায় দলটি। দলের দীর্ঘদিনের ভরসা রবার্ট লেভানডফস্কির ক্যারিয়ার শেষের পথে, তাই নতুন প্রজন্ম গড়ে তোলার দিকেই নজর দিচ্ছে পোল্যান্ড।
হাঙ্গেরি
১৯৩৮ ও ১৯৫৪ সালের বিশ্বকাপে ফাইনাল খেলেছিল হাঙ্গেরি। কিন্তু সেই দলটি ১৯৮৬ সালের পর আর বিশ্বকাপে অংশ নিতে পারেনি। এবারের বাছাইপর্বে শেষ ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডের কাছে হেরে প্লে-অফের সুযোগ হারায় তারা। তবে ইউরোপীয় প্রতিযোগিতায় সাম্প্রতিক পারফরম্যান্স তাদের আশাবাদী করছে।
রোমানিয়া
রোমানিয়া ১৯৯৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠার স্মৃতি বহন করছে। এবার বাছাইপর্বে তৃতীয় হয়ে নেশনস লিগের সুবাদে প্লে-অফে উঠলেও সেমিফাইনালে তুরস্কের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয়। নতুন করে দল গঠনের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা তাদের।
নাইজেরিয়া
আফ্রিকার শক্তিশালী দল নাইজেরিয়া ছয়বার বিশ্বকাপে অংশ নিয়ে তিনবার শেষ ষোলোতে উঠেছে। তবে টানা দুই আসরে বিশ্বমঞ্চে জায়গা করে নিতে পারছে না তারা। সদ্য সমাপ্ত বিশ্বকাপের বাছাইপর্বে দক্ষিণ আফ্রিকার পেছনে থেকে পরবর্তী ধাপে উঠলেও শেষ পর্যন্ত কঙ্গোর কাছে টাইব্রেকারে হেরে যায় নাইজেরিয়া।
ক্যামেরুন
ক্যামেরুন আফ্রিকার সবচেয়ে অভিজ্ঞ দলগুলোর একটি। আটবার বিশ্বকাপে অংশ নেওয়া দলটি ১৯৯০ সালে কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়েছিল। কিন্তু এবার বাছাইপর্বে কেপ ভার্দের পেছনে পড়ে এবং প্লে-অফে কঙ্গোর কাছে হেরে আর বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়া হয়নি।
চিলি
দক্ষিণ আমেরিকার দেশ চিলি, এক সময়ের শক্তিশালী দল হলেও বর্তমানে কঠিন সময় পার করছে তারা। ১৯৬২ সালে তৃতীয় স্থান অর্জনের পর সাম্প্রতিক সময়ে টানা তিন বিশ্বকাপে জায়গা করতে পারেনি তারা। এবারের বাছাইপর্বে মাত্র দুটি জয় নিয়ে সবার নিচে ছিল দলটি।
পেরু
পেরু পাঁচবার বিশ্বকাপে অংশ নিয়েছে এবং দু’বার শেষ আটে উঠেছে। ২০১৮ সালে দীর্ঘ বিরতির পর ফিরে এলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। এবারের বাছাইপর্বে ১০ দলের মধ্যে নবম হয়ে শেষ করে তারা, যেখানে ১৮ ম্যাচে মাত্র ৬ গোল করতে পেরেছে।
কোস্টারিকা
২০১৪ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে কোয়ার্টার ফাইনালে উঠেছিল কোস্টারিকা। তবে এবারের বাছাইপর্বে হন্ডুরাসের বিপক্ষে গোলশূন্য ড্র তাদের ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফ থেকেও ছিটকে দেয়। নতুন প্রজন্ম গড়ে তুলে আবারও বিশ্বমঞ্চে ফেরার লক্ষ্য তাদের।
বিশ্বকাপের শতবর্ষ পূর্তির আসর ঘিরে তাই বাড়তি প্রতিযোগিতা তৈরি হতে যাচ্ছে। ঐতিহ্যবাহী এই দলগুলো নিজেদের হারানো অবস্থান ফিরে পেতে এখন থেকেই প্রস্তুতি জোরদার করছে।

স্পোর্টস ডেস্ক