এখনও সবচেয়ে দামি খেলোয়াড় মেসি
মার্কিন ফুটবলে বসন্ত এনেছেন লিওনেল মেসি। তার ছোঁয়ায় অখ্যাত মেজর লিগ সকার (এমএলএস) বিখ্যাত হয় রাতারাতি। এমএলএসও মাথায় তুলে রেখেছে মেসিকে। এমএলএসে এখনও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় মেসিই। তার ধারেকাছেও নেই কেউ।
এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, তার বার্ষিক মূল বেতন ২ কোটি ৫০ লাখ ডলার, যা দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় সন হিউং-মিনের বেতনের দ্বিগুণেরও বেশি। গত বছর অক্টোবরে ইন্টার মায়ামির সঙ্গে মেসি যে নতুন চুক্তি করেছেন, সেটির আওতায় তিনি ২০২৮ মৌসুম পর্যন্ত ফ্লোরিডার ক্লাবটিতে থাকবেন। সবমিলিয়ে তিনি নিশ্চিত পারিশ্রমিক হিসেবে ২ কোটি ৮৩ লাখ ডলার পাবেন।
গত আগস্টে টটেনহাম হটস্পারের সাবেক অধিনায়ক হিসেবে লস অ্যাঞ্জেলেস এফসিতে যোগ দেন দক্ষিণ কোরিয়ার তারকা সন। তার মূল বেতন ১ কোটি ৩৬ লাখ ডলার এবং সব মিলিয়ে পারিশ্রমিক ১ কোটি ১২ লাখ ডলার। তার ট্রান্সফার ফি ছিল এমএলএস ইতিহাসের রেকর্ড ২ কোটি ৬০ লাখ ডলার।
মেসির ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা সতীর্থ রদ্রিগো ডি পল ৯৭ লাখ ডলার পারিশ্রমিক নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন। মেক্সিকোর হিরভিং লোসানো ৯৩ লাখ ডলার নিয়ে চতুর্থ স্থানে আছেন। যদিও গত নভেম্বরের পর থেকে তিনি সান দিয়েগোর হয়ে খেলেননি। আটলান্টার মিগেল আলমিরন ৭৯ লাখ ডলার পারিশ্রমিক নিয়ে শীর্ষ পাঁচে অবস্থান করছেন।
পুরো এমএলএসের মোট পারিশ্রমিক ধরা হয়েছে ৬৩ কোটি ১০ লাখ ডলার। এর মধ্যে গড় পারিশ্রমিক ৬ লাখ ৮৮ হাজার ৮১৬ ডলার, যা গত অক্টোবরে প্রকাশিত তথ্যের তুলনায় ৮.৯ শতাংশ বেশি।

স্পোর্টস ডেস্ক