ঢাকা টেস্ট
আশা পূরণ হলো না শান্তর, ঝড়ো ব্যাটিং করে ফিরলেন মিরাজও
প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি। মুশফিকুর রহিম-লিটন দাস ফেরার পর তাই সবচেয়ে বেশি ভরসা ছিল নাজমুল হোসেন শান্তর ওপরই। কিন্তু তিনি যেন নিজেকে জলাঞ্জলি দিয়ে ফিরলেন। একরাশ হতাশ করলেন বাংলাদেশকে।
আজ মঙ্গলবার (১২ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম দিনে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৩২ রান করেছে বাংলাদেশ। লিড পেয়েছে ২৫৯ রানের।
গত বছরই শ্রীলঙ্কার বিপক্ষে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন শান্ত। পাকিস্তানের বিপক্ষেও সেই সুযোগ ছিল। কিন্তু এবার কাছে গিয়েও পারলেন না তিনি। নোমান আলীকে রিভার্স সুইপ খেলতে ব্যাটে-বলে সংযোগই ঘটাতে পারলেন না শান্ত।
পাকিস্তানের জোড়ালো আবেদনে হাত তুলে দেন আম্পায়ার। শান্ত রিভিউ নিয়েছিলেন বটে। তবে সেটিও তার পক্ষে কথা বলেনি। ফিরলেন ১৫০ বলে ৮৭ রান করে।
উইকেটে এসে ঝড়ো ব্যাটিং শুরু করেছিলেন মেহেদী হাসান মিরাজ। শুরুটাও ভালোই করেছিলেন তিনি। কিন্তু ইনিংস লম্বা করতে পারলেন না মিরাজ। নোমান আলীর টার্ন করা বল মিরাজের ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে। ২৭ বলে ২৪ রানে থামে মিরাজের ইনিংস।
একই ভুল করলেন লিটনও
দিনের শুরুতে ফিরলেন মুশফিকুর রহিম। এরপর উইকেটে এলেন লিটন দাস। তিনিও ফিরলেন হতাশ করে। ইনিংস বড় করার আগেই ফিরলেন বড় শট খেলতে গিয়ে। ফেরার আগে ২৮ বলে করেছেন ১১ রান।
সকালেই মলিন মুশফিকের ব্যাট
দ্রুত কিছু রান তুলে পাকিস্তানকে ছেড়ে দেবে বাংলাদেশ। এমন ধারণাই ছিল সবার। সেজন্য আশা ছিল আগের দিন অপরাজিত থাকা দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহমান। তবে দিনের শুরুতেই হতাশ করে ফিরলেন মুশফিক।
পঞ্চম দিনের তৃতীয় ওভারেই ফিরে গেলেন অভিজ্ঞ মুশফিক। হাসান আলীর বলে বড় শট খেলতে গিয়েছিলেন মুশি। তবে ৩০ গজ পার করতে পারেননি তিনি। ক্যাচ দিয়েছেন শান মাসুদকে। ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৩৭ বলে ২২ রান।
বড় লিডের আশা জাগিয়ে চতুর্থ দিন শেষ করেছিল বাংলাদেশ
এর আগে গতকাল বড় রানের আশা জাগিয়ে শেষ করেছিল বাংলাদেশ। টানা পঞ্চম ফিফটি করেছিলেন মুমিনুল হক। এরপর বিকেলের বাকি সময়টা নাজমুল হোসেন শান্তকে সঙ্গ দিয়েছিলেন অভিজ্ঞ মুশফিক।
আগের দিনই শান্ত পার করেছেন পঞ্চাশের ঘর। দেড়শ ছাড়িয়েছিল বাংলাদেশের দলীয় সংগ্রহ। ঢাকা টেস্টের চতুর্থ দিন শেষে ৫০ ওভারে ৩ উইকেটে ১৫২ রান করেছিল বাংলাদেশ। লিড পেয়েছিল ১৭৯ রানের।

স্পোর্টস ডেস্ক