নাহিদ রানার অর্জনের মুকুটে নতুন পালক
সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দিয়েই বিদেশের ফ্র্যাঞ্চাইজিতে অভিষেক হয়েছে নাহিদ রানার। সেখানেও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। তবে যতটুকু খেলেছেন তাতেই সারা জাগিয়েছেন এই টাইগার পেসার। বড় ভূমিকা রেখেছেন দলের শিরোপা জয়ে। এবার সেটির স্বীকৃতিও পেলেন বাংলাদেশের তরুণ এই পেস সেনসেশন।
পিএসএলের এবারের আসরের সেরা একাদশ ঘোষণা করেছে ঘোষণা করেছে বিশ্বখ্যাত ক্রিকেট সাময়িকী ‘উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক’। মাত্র ৫ ম্যাচ খেলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে উইজডেনের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন নাহিদ রানা।
এবারের পিএসএলে মোট ৬ জন বাংলাদেশি ক্রিকেটার দল পেলেও ৫ জন মাঠে নামার সুযোগ পান। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন নাহিদ রানা। তাঁর আগুনে বোলিং কেবল প্রশংসাই কুড়ায়নি, দলকে শিরোপা জেতাতেও বড় ভূমিকা রেখেছে।
জাতীয় দলের ব্যস্ততার কারণে নাহিদ রানা আসরের সব ম্যাচ খেলতে পারেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরতে হয়েছিল তাঁকে। তবে তাঁর দল ফাইনালে ওঠায় আবারও পাকিস্তানে উড়াল দেন তিনি।
ফাইনালে মাঠে নেমেই বল হাতে গতির ঝড় তোলেন। পুরো টুর্নামেন্টে মাত্র ৫ ম্যাচ খেলে ৯ উইকেট শিকার করেছেন নাহিদ। সবচেয়ে নজরকাড়া ছিল তাঁর ইকোনমি রেট (৫.৪৪), যা টি-টোয়েন্টি ক্রিকেটে অবিশ্বাস্য।
উইজডেনের এই সেরা একাদশের অধিনায়ক করা হয়েছে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে। তার সঙ্গে টপঅর্ডারে আছেন সাহিবজাদা ফারহান, কুশল মেন্ডিস। মিডল অর্ডারে জায়গা পেয়েছেন শান মাসুদ ও উসমান খান।
অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেয়েছেন পাকিস্তানের স্পিন অলরাউন্ডার শাদাব খান ও অস্ট্রেলিয়ার পেস অলরাউন্ডার অ্যারন হার্ডি। পেস বিভাগে নাহিদ রানার সঙ্গী হুনাইন শাহ। স্পিন বিভাগে আছেন মোহাম্মদ আলী ও সুফিয়ান মুকিম।
উইজডেনের সেরা একাদশ
বাবর আজম, সাহিবজাদা ফারহান, কুশল মেন্ডিস, শান মাসুদ, উসমান খান, শাদাব খান, অ্যারন হার্ডি, হুনাইন শাহ, মোহাম্মদ আলী, সুফিয়ান মুকিম ও নাহিদ রানা।

স্পোর্টস ডেস্ক