আইসিসির মাসসেরা নাহিদ রানা
বল হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন নাহিদ রানা। দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন। আস্থার প্রতিদান দিচ্ছেন নিয়মিত। এবার পেলেন স্বীকৃতি। আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ। নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এই পুরস্কার পেলেন তিনি।
পুরুষ বিভাগে নাহিদের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন ওমানের জতিন্দর সিং ও মালয়েশিয়ার অজয় কুমার। তাদের পেছনে ফেলে প্রথমবারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন এই বাংলাদেশি পেসার।
গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতে বাংলাদেশ। সেই সিরিজে অসাধারণ বোলিং করে প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হন নাহিদ। পুরো সিরিজে তিনি নিয়েছেন ৮ উইকেট। তার ইকোনমি ছিল ৪.৪৬।
বিশেষ করে মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে আগুন ঝরান নাহিদ। সেই ম্যাচে ৩২ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। তার বোলিংয়েই বড় জয় পায় বাংলাদেশ। এরপর চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচেও আরও দুই উইকেট শিকার করেন তরুণ এই গতি তারকা।
পুরস্কার জয়ের পর নিজের অনুভূতি জানিয়ে নাহিদ বলেন, ‘নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো পারফর্ম করে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হওয়াটা দারুণ অনুভূতির। দেশের মাটিতে এমন সাফল্য সিরিজটিকে আমার জন্য আরও বিশেষ করে তুলেছে। এটি এমন একটি সিরিজ, যা সবসময় মনে রাখব।’
‘পুরোটা সময়জুড়ে সতীর্থদের সমর্থন ও বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে দলের হয়ে আরও জয় ও স্মরণীয় মুহূর্ত এনে দিতে অবদান রাখতে চাই’—যোগ করেন নাহিদ।

স্পোর্টস ডেস্ক