আজ বৈঠকে বসছে বাফুফে, আলোচনায় ১৯ এজেন্ডা
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির ষষ্ঠ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ রোববার (১৯ এপ্রিল)। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সভা।
সভায় আলোচনার জন্য ১৯টি গুরুত্বপূর্ণ এজেন্ডা রাখা হয়েছে। তবে সভার সংক্ষিপ্ত সময়ে এতগুলো বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হবে কি না, তা নিয়ে খোদ ফেডারেশনের অন্দরমহলেই সংশয় দেখা দিয়েছে।
বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিটির এক বছর পার হলেও এখনো বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়নি। আজকের সভায় এজিএম-এর ভেন্যু ও সময় চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে।
আজকের সভার অন্যতম প্রধান বিষয় হলো ২০২৬ সালের প্রস্তাবিত বাজেট। এছাড়া জাতীয় ফুটবল দলের জন্য নতুন প্রধান কোচ, গোলরক্ষক কোচ, ফিজিও ও ডেভেলপমেন্ট কোচ নিয়োগের বিষয়টিও এজেন্ডায় রাখা হয়েছে।
দেশের তৃণমূল ফুটবলের জন্য একটি বড় খবর হলো, আগামী বছর থেকে চতুর্থ থেকে অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকে ফুটবল অন্তর্ভুক্ত করছে সরকার। এই কারিকুলামে ফুটবলের কোন কারিগরি দিকগুলো থাকবে, তা নিয়ে একটি খসড়া প্রস্তাবনা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে টেকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারী টিটুকে। আজকের সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।
২০২৫-২৬ মৌসুমের আন্তর্জাতিক ফুটবলের পাশাপাশি দেশের ঘরোয়া ফুটবলের শীর্ষ দুই স্তর—বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও চ্যাম্পিয়নশিপ লিগকে আরও আধুনিক ও পেশাদার করার পরিকল্পনা রয়েছে বাফুফের। পাশাপাশি জেলা ও তৃণমূল পর্যায়ের লিগগুলো নিয়েও আলোচনার কথা রয়েছে।
গত ২৬ অক্টোবর নির্বাচিত হওয়ার পর বাফুফের অধিকাংশ সাব-কমিটির মেয়াদ ছিল এক বছর। ইতোমধ্যে সেই মেয়াদ শেষ হয়ে গেলেও অনেক কমিটি এখনো পূর্ণাঙ্গ করা হয়নি, বিশেষ করে নারী ফুটবল উইং। আজকের সভায় এসব কমিটি পুনর্গঠন নিয়ে সিদ্ধান্ত আসতে পারে।
এদিকে, ঘরোয়া লিগে ‘সার্ক কোটা’ বাতিলের দাবিতে বাফুফে সভাপতি বরাবর চিঠি দিয়েছিলেন ফুটবলাররা। ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সেই আবেদনটিও আজকের সভায় উত্থাপন করা হতে পারে।
বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার সংস্থার সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে ১৩ পাতার একটি বিস্তারিত প্রতিবেদন পেশ করবেন। তবে সংশ্লিষ্টদের ধারণা, বাজেটের বিষয়টি নিয়ে আলোচনাতেই সভার সিংহভাগ সময় ব্যয় হতে পারে।

স্পোর্টস ডেস্ক