ব্রাজিলের কাছে হারল আর্জেন্টিনা, ম্যাচ শেষে হাতাহাতি
জাতীয় দল কিংবা বয়সভিত্তিক দল; দুই চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিল-আর্জেন্টিনার লড়াইয়ে থাকে অন্যরকম পারদ। আবারও দেখা গেলো সেটি। মাঠের খেলা শেষে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়ল দুই দল। মাঠের খেলায় অবশ্য ব্রাজিলের কাছে পাত্তা পায়নি আর্জেন্টিনা।
আজ শনিবার (১১ এপ্রিল) লাতিন আমেরিকার অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ম্যাচে আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। সেলেসাওদের হয়ে জোড়া গোল করেছেন রিকেলমে হেনরিক। আর একবার জাল খুঁজে নিয়েছেন এদুয়ার্দো কন্সেকাও।
এই জয়ের ফলে আগামী নভেম্বরে হতে যাওয়া অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। যদিও আর্জেন্টিনার সামনেও এখনো সুযোগ রয়েছে বিশ্বকাপের টিকিট কাটার।
পয়েন্ট টেবিল অনুযায়ী, ব্রাজিলের কাছে হারলেও এখনো ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। তাদের পরে অবস্থান করছে ভেনেজুয়েলা ও বলিভিয়া (৪ পয়েন্ট) এবং পেরু (০ পয়েন্ট)। আর্জেন্টিনা গ্রুপপর্বের শেষ ম্যাচে বলিভিয়াকে হারাতে পারলে তারা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল এবং বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে।
দুই চিরপ্রতিদ্বন্দ্বির মাঠের লড়াইয়ের চেয়েও বেশি আলোচনা হচ্ছে ম্যাচের শেষ দিকের অপ্রীতিকর ঘটনা নিয়ে। খেলার একদম শেষ মুহূর্তে দুই দলের ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। উত্তপ্ত পরিস্থিতির একপর্যায়ে আর্জেন্টিনার তোবিয়াস গয়তিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
প্যারাগুয়েতে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট থেকে মোট সাতটি দল কাতারের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। দুই গ্রুপের শীর্ষ দুটি দল সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে। বাকি তিনটি দল নির্ধারিত হবে প্লে-অফ ম্যাচের মাধ্যমে।
রোববার গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-বলিভিয়া এবং ব্রাজিল-ভেনেজুয়েলা।

স্পোর্টস ডেস্ক