বিবর্ণ লিভারপুলকে হারিয়ে সেমিফাইনালের পথে পিএসজি
মাঠের লড়াইয়ে সময়টা একদমই ভালো যাচ্ছে না লিভারপুলের। হারের বৃত্ত থেকে বের হতে না পারা অলরেডরা চ্যাম্পিয়ন্স লিগেও দেখল পরাজয়ের মুখ। অন্যদিকে ঘরের মাঠে দাপুটে ফুটবল খেলে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।
বুধবার (৮ এপ্রিল) দিনগত রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিভারপুলকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। প্যারিসের দলটির হয়ে গোল দুটি করেন দিজিরে দুয়ে ও খাভিচা কাভারাৎসখেলিয়া।
গত মৌসুমে দারুণ সময় কাটানো অলরেডরা চলতি মৌসুমে যেন একটু প্রশান্তির শ্বাস নেওয়ারও সুযোগ পাচ্ছে না। এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে হারল আর্নে স্লটের দল। প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাইটনের মাঠে হেরেছিল ২-১ ব্যবধানে। এরপর গত শনিবার এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেষ্টার সিটির কাছে হারে ৪-০ গোলে। সব মিলিয়ে আর্নে স্লটের চাকরি টিকিয়ে রাখাই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে।
এদিন পুরো ম্যাচেই লিভারপুলকে কোনো সুযোগ দেয়নি পিএসজি। প্রায় ৭৫ শতাংশ সময় বল দখলে রেখে তারা লিভারপুলের রক্ষণে একের পর এক আক্রমণ চালায়। ম্যাচে পিএসজি ১৮টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখে। বিপরীতে, মাত্র তিনটি শট নিতে পেরেছে লিভারপুল। সেগুলোরও কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি।
উসমান দেম্বেলে কয়েকটি সহজ সুযোগ নষ্ট না করলে হারের ব্যবধান আরও বড় হতে পারত ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের জন্য।
ম্যাচের ১১ মিনিটেই লিড নেয় পিএসজি। ডি-বক্সের বাইরে জটলার মধ্য নিয়ে একা বল টেনে নিতে গিয়ে বলের নিয়ন্ত্রণ হারান ওসমান দেম্বেলে। সেই বল পান দিজিরে দুয়ে। দারুণ এক উঁচু শটে লক্ষ্যভেদ করেন তিনি।
গোল হজম করার পর লিভারপুল ম্যাচে ফেরার চেষ্টা করলেও পিএসজির রক্ষণে চিড় ধরাতে পারেনি। উল্টো প্রথমার্ধের শেষ দিকে আরও কয়েকটি আক্রমণ সামলাতে হয়েছে অলরেডদের। ম্যাচের ৩২ মিনিটে কাভারাৎসখেলিয়ার শট ঝাঁপিয়ে পড়ে আটকান গোলরক্ষক মামারদাশভিলি।
ম্যাচের ৩৭তম মিনিটে আবারও এগিয়ে এসে দুয়ের শট আটকে দেন মামারদাশভিলি। ৪২তম মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করেন দেম্বেলে। গোলরক্ষককে একা পেয়েও দুর্বল শটের কারণে জাল খুঁজে পাননি তিনি।
দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জর্জিয়ান উইঙ্গার কাভারাৎসখেলিয়া। জোয়াও নেভেসের চমৎকার এক পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠান তিনি। ম্যাচের শেষ দিকে ইব্রাহিমা কোনাতের দুর্দান্ত এক ট্যাকলে বড় বিপদ থেকে রক্ষা পায় লিভারপুল।
আগামী মঙ্গলবার নিজেদের মাঠ অ্যানফিল্ডে ফিরতি লেগে মুখোমুখি হবে এই দুই দল। সেমিফাইনালে যেতে হলে ঘরের মাঠে অলৌকিক কিছু করে দেখাতে হবে সালাহ-একিটিকেদের।

স্পোর্টস ডেস্ক