লাল-সবুজের জার্সি গায়ে জড়ানো সবাই বাংলাদেশি : আমিনুল
মালদ্বীপে চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে মিশন শুরু করে বাংলাদেশ। মঙ্গলবার (২৪ মার্চ) গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শুরুতেই পাকিস্তানের বিপক্ষে আমাদের এই দাপুটে জয় দেশের জন্য এক গৌরবোজ্জ্বল মুহূর্ত। বিশেষ করে রোনান সুলিভান তার অভিষেক ম্যাচেই জোড়া গোল করে যে নৈপুণ্য দেখিয়েছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।’
আমিনুল যোগ করেন, ‘এই জয় দেশের জন্য এক গৌরবের মুহূর্ত। তাদের এই অসামান্য অর্জন দেশের ফুটবলকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। তাদের এই অদম্য স্পৃহা আমাদের অনুপ্রাণিত করে।’
সাফ অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে বাংলদেশের উদ্বোধনী ম্যাচে জয়ের জন্য আমি ছেলেদের অভিনন্দন জানাই। তবে একজন সাবেক খেলোয়াড় এবং দেশের ক্রীড়াঙ্গনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে আমি শুধু একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই যে, ফুটবলে সাফল্য ব্যক্তিগত নৈপুণ্যে নয়, বরং দল হিসেবে একে অপরের জন্য লড়াই করার মাধ্যমেই অর্জন করা সম্ভব।
ম্যাচে জোড়া গোল করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার রোনান সুলিভান। তবে, সমালোচনা হয়েছে দলীয় সমন্বয়হীনতা নিয়ে। সেটি নিয়ে আমিনুল জানান, মাঠে সবাইকে একে অপরের ওপর আস্থা রাখতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমার মনে হয়েছে জয়ের নায়ক রোনানকে আরও সুযোগ করে দেওয়া যেত, কিন্তু সেখানে টিম কম্বিনেশন ও কমিউনিকেশনের কিছুটা অভাব স্পষ্ট দেখা গিয়েছে। মাঠে সবাইকে একে অপরের ওপর সমানভাবে আস্থা রেখে খেলতে হবে—সে স্থানীয় হোক, কিংবা বংশোদ্ভূত খেলোয়াড়। জন্মস্থান, বেড়ে ওঠা যেখানেই হোক না কেন, যারা দেশের জন্য লাল-সবুজের জার্সি গায়ে জড়ান তারা সকলেই বাংলাদেশি।’

স্পোর্টস ডেস্ক