সিরিজ জয়ের পর আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ
বাংলাদেশ সর্বশেষ আন্তর্জাতিক সিরিজ খেলেছিল গত অক্টোবরে। দীর্ঘদিন পরে প্রত্যাবর্তনটাও দারুণ হলো টাইগারদের। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সমীকরণ সহজ করেছে ২০১৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার।
সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েছিল বাংলাদেশ। তবে শেষ ম্যাচে ১১ রানের রোমাঞ্চকর জয় তুলে নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে টাইগাররা। এই সাফল্যের হাত ধরেই আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের।
সিরিজ শুরুর আগে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে ১০ নম্বরে ছিল বাংলাদেশ। তবে পাকিস্তানকে হারিয়ে র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে এখন ৯ নম্বরে উঠে এসেছে তারা। এক ধাপ পিছিয়ে ১০ নম্বরে চলে গেছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানকে সিরিজ হারিয়ে বাংলাদেশ পয়েন্ট ৭৬ থেকে বেড়ে হয়েছে ৭৯। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ছিল ৭৭।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেতে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে র্যাংকিংয়ের সেরা দলগুলোর মধ্যে থাকতে হবে। স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া সরাসরি খেলবে।
নিয়ম অনুযায়ী, র্যাংকিংয়ের শীর্ষ ৮টি দল সরাসরি বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাবে। তবে যদি আয়োজক দক্ষিণ আফ্রিকা সেরা আটের ভেতর থাকে, তবে ৯ নম্বর দলটি সরাসরি খেলার সুযোগ পাবে। ৯ নম্বরে উঠে আসায় বাংলাদেশের সেই সম্ভাবনা এখন উজ্জ্বল।

স্পোর্টস ডেস্ক