সিরিজ জয়ের মিশনে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
প্রথম ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে আজ শুক্রবার (১৩ মার্চ) স্বাগতিকদের সামনে সহজ হিসাব। জিতলেই এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত হবে সিরিজ। এমন দিনে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ।
টস জিতে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘প্রথম ম্যাচে আমরা যে সাফল্য পেয়েছি, সেটি ধরে রাখতে চাই। সিরিজ জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’
পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেন, ‘আমাদের ব্যাটাররা নিজেদের ব্যাপারে সচেতন। তারা প্রথম ম্যাচের ভুল আবারও করতে চায় না।’
জয় দিয়ে বছর শুরু করেছে বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে স্বাগতিকরা। মিরপুরের হোম অব ক্রিকেটে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বুধবার বাংলাদেশ জিতেছিল ৮ উইকেটে। ব্যাটে-বলে আধিপত্য বিস্তার করে জয় তুলে নেওয়া টাইগারদের চোখ এখন সিরিজ জয়ে।

ক্রীড়া প্রতিবেদক