শেষ দিকে গোল হজম করে প্রথমার্ধ শেষে পিছিয়ে বাংলাদেশ
শক্তি-সামর্থ্য, র্যাঙ্কিং-সব দিক দিয়েই বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে চীন। তাই বলা হচ্ছিল এশিয়ান কাপের ইতিহাসে নিজেদের প্রথম ম্যাচেই এক অসম লড়াইয়ে নামতে হবে বাংলাদেশকে। তবে মাঠের খেলায় প্রথম ৪০ মিনিটে ভিন্ন চিত্র দেখালো বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা চীনের বিপক্ষে প্রথমার্ধে মন্দ করেননি আফঈদা-ঋতুপর্ণা চাকমারা।
আজ মঙ্গলবার (৩ মার্চ) নারী এশিয়ান কাপে অস্ট্রেলিয়ার সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে প্রথমার্ধ শেষে ২-০ গোলে পিছিয়ে আছে বাংলাদেশ।
ম্যাচের ২০ মিনিটে ঋতুপর্ণা চাকমার বক্সের অনেকটা বাইরে থেকে শট নেন টপকর্নারে। চীনের গোলরক্ষক কোনোমতে কর্নারে বিনিময়ে সেটিকে রক্ষা করেন।
ম্যাচের ২৩ মিনিটে বাংলাদেশের জালে বল জড়িয়ে দিয়েছিল চীন। কয়েক মিনিট ধরে ভিএআর চেক করে সেটিকে অফসাইড ঘোষণা করেন রেফারি।
ম্যাচের ৪৪ মিনিটে ডেডলক ভাঙে চীন। বক্সের কিছুটা বাইরে থেকে দূরের পোস্টে শট নেন চীনের ওয়াং শুয়াং। ঝাঁপিয়ে সেটি রক্ষা করতে পারেননি বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার।
দুই মিনিট পরই দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। যোগ করা সময়ের প্রথম মিনিটেও কিছুটা দূরপাল্লার শট নিয়েছিল চীনের ঝাং রুই। গোলরক্ষক বলের লাইনেই ছিলেন। কিন্তু একজনের পায়ে লেগে বল রাস্তা পরিবর্তন করে জালে জড়ায়।

স্পোর্টস ডেস্ক