সনদের কাছে হেরে মৌসুম শুরু হলো মেসিদের
বিশ্বকাপের বছরে ইন্টার মায়ামির হয়ে নতুন মিশন শুরু করলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে মৌসুমের প্রথম ম্যাচটি মোটেও সুখকর হলো না আর্জেন্টাইন ফুটবল জাদুকরের জন্য। এমএলএস কাপের শিরোপা ধরে রাখার লড়াইয়ে মাঠে নেমে প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে ইন্টার মায়ামি।
আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) লস অ্যাঞ্জেলেস এফসির (এলএএফসি) কাছে ৩-০ গোলে হেরেছে ইন্টার মায়ামি।
এলএ কলিসিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ফুটবল প্রেমীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। প্রায় ৭৫ হাজার ৬৭৩ জন দর্শকের উপস্থিতিতে গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। এমএলএস ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দর্শক উপস্থিতির এই ম্যাচে মায়ামির মেসিকে ছাপিয়ে নায়ক হয়ে উঠেছেন এলএএফসির দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং-মিন।
দীর্ঘদিনের সতীর্থ জর্দি আলবা ও সার্জিও বুসকেটসের অবসরের পর ইন্টার মায়ামির আক্রমনভাগের পুরো দায়িত্ব এখন মেসির কাঁধে। তবে হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ফেরা মেসি এই ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে একটি সুযোগ পেলেও তাঁর শট গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়।
অন্যদিকে, লস অ্যাঞ্জেলেসের হয়ে নিজের প্রথম পূর্ণ মৌসুমের শুরুতেই চমক দেখিয়েছেন সন। ম্যাচের ৩৭ মিনিটে ডেভিড মার্তিনেজকে দিয়ে দলের প্রথম গোলটি করান তিনি। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি।
দ্বিতীয়ার্ধে গোল শোধ করতে মরিয়া হয়ে উঠেছিল ইন্টার মায়ামি। কিন্তু উল্টো দ্বিতীয় গোল হজম করে বসে তারা। মায়ামির নতুন গোলকিপার সেন্ট ক্লেয়ার ভুল করে বক্সের বাইরে চলে এলে সেই সুযোগে খালি জালে বল জড়ান ডেনিস বোয়াঙ্গা। আর ম্যাচের শেষ মুহূর্তে বোয়াঙ্গার পাস থেকেই তৃতীয় গোলটি করেন বদলি খেলোয়াড় নাথান ওরদাজ।
৩-০ গেলের হার নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।

স্পোর্টস ডেস্ক