বিসিবির নির্বাচন নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনকে ‘প্রশ্নবিদ্ধ’ বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিরপুরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক।
গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনায় হয়েছিল। সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে ১৬টি ক্লাবের কাউন্সিলররা নির্বাচন বর্জন করেছিলেন। পরবর্তীতে ঢাকার ৪৫টি ক্লাব বিসিবির অধীনে সব ধরনের ঘরোয়া ক্রিকেট বয়কটের ঘোষণা দেয়।
এ প্রসঙ্গে আমিনুল হক বলেন, ‘ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমি আগেও বলেছি, এখনও বলছি, প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন হয়েছে। বিষয়গুলো যেহেতু আইসিসির নিয়মের অধীন, তাদের বিধি-বিধান অনুসারে আমি তাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে ঠিক করব, কীভাবে আমরা ভালো একটি পর্যায়ে যেতে পারি। তাদের সঙ্গে বসা এবং পর্যালোচনার পর এ বিষয়ে মন্তব্য করতে পারব।’
ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার ঘোষণা দিয়ে আমিনুল বলেন, ‘আমি একটি বিষয় নিশ্চিত করতে চাই—খেলাধুলাকে রাজনীতিকীকরণ করা হবে না। কোনো বিশেষ দলের প্ল্যাটফর্ম হিসেবে খেলার মাঠকে ব্যবহার করতে দেওয়া হবে না। যারা সত্যিকার অর্থে খেলাকে ভালোবাসেন, তারাই ক্রীড়া সংগঠনের দায়িত্বে থাকবেন।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও যোগ করেন, ‘একদিনে সব পরিবর্তন করা সম্ভব নয়। সংস্কারের জন্য কিছুটা সময় প্রয়োজন। আমি চাই স্পোর্টিং কমিউনিটির সবাই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করুক।’
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করেছে বিএনপি। টেকনোক্র্যাট কোটায় গতকালই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান আমিনুল হক।

স্পোর্টস ডেস্ক